৫৩ রানের জয়ে ইউল্যাবের শিরোপা
পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’র

উৎসবমুখর পরিবেশ ও উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। শিরোপা নির্ধারণী ম্যাচে সোনারগাঁও ইউনিভার্সিটিকে ৫৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
শুক্রবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে দুদলের খেলোয়াড়দের পারফরম্যান্স, দলীয় সমন্বয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে।
ফাইনাল কেন্দ্র করে এবিজি স্পোর্টস সিটিতে ছিল উৎসবের আমেজ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াপ্রেমী, আমন্ত্রিত অতিথি ও আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। গ্যালারিতে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও খেলোয়াড়দের প্রতি সমর্থন ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়।
ফাইনাল শেষে হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের পরিচালক শেজাদ আকবর সোবহান।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন সাবেক জাতীয় ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন, নিয়ামুর রশিদ রাহুল, সানোয়ার হোসেন ও হালিম শাহসহ দেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা।
এছাড়া উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (কোষাধ্যক্ষ) ময়নাল হোসেন চৌধুরী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভূঁইয়া ও মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। ক্রিকেট ও ফুটবল- উভয় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে নির্ধারিত প্রাইজমানিও প্রদান করা হয়।
পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার ও সেরা খেলোয়াড়সহ বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের প্রসার, তরুণ প্রতিভার বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’।
আনভীর বসুন্ধরা গ্রুপের উদ্যোগে এবং এবিজি স্পোর্টস সিটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিজেদের ক্রিকেটীয় দক্ষতা ও প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি হয়।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন এবং নতুন প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: পুরস্কারপ্রাপ্তদের তালিকা
চ্যাম্পিয়ন: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)
রানার্সআপ: সোনারগাঁও ইউনিভার্সিটি
ম্যাচসেরা খেলোয়াড়: ফারহান জানি (ইউল্যাব)
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)
টুর্নামেন্টের সেরা বোলার: এম এইচ রাকিব (ইউল্যাব)
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: জাকিরুল আহমেদ জেম (ইউল্যাব)
ফ্যান কাপ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)






