আন্তর্জাতিক

‘কী করতে হবে, আমি বুঝতে পারছি না’, মাঝআকাশে বিমান থেকে শিক্ষানবিশ পাইলট

‘কী করতে হবে, আমি বুঝতে পারছি না’, মাঝআকাশে বিমান থেকে শিক্ষানবিশ পাইলট

যুক্তরাষ্ট্রজুড়ে আকস্মিকভাবে বিমান চলাচল বন্ধের নির্দেশে মাঝআকাশে বিপাকে পড়েন এক শিক্ষানবিশ পাইলট। জীবনের প্রথম একক দূরপাল্লার ফ্লাইট পরিচালনার সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে উড্ডয়ন বন্ধের খবর পেয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। পরে নিয়ন্ত্রকের নির্দেশনায় নিরাপদে অবতরণ করেন ওই পাইলট।

শুক্রবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের আকাশে এ ঘটনা ঘটে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে কথোপকথনে ওই পাইলট বলেন, ‘ম্যাডাম, আমি একজন শিক্ষানবিশ পাইলট। সত্যি বলতে, এটি আমার প্রথম একক দূরপাল্লার ফ্লাইট। কী করতে হবে, আমি বুঝতে পারছি না।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের ফোর্ট ওর্থের কাছে হিকস এয়ারফিল্ড থেকে উড্ডয়ন করেছিলেন ওই পাইলট। পরিস্থিতি বুঝতে পেরে এয়ার ট্রাফিক কন্ট্রোলার তাকে শান্তভাবে ফিরে আসার নির্দেশনা দেন। এ সময় আকাশে থাকা দুটি হেলিকপ্টারসহ অন্য উড়োজাহাজ এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়।

এয়ারফিল্ডের কাছে পৌঁছে নিরাপদে অবতরণ করা যাবে কি না, তা নিশ্চিত হতে চান ওই পাইলট। তিনি জানতে চান, ‘হিকস এয়ারফিল্ডে কি কোনো সমস্যা আছে?’ জবাবে কন্ট্রোলার জানান, সেখানে কোনো সমস্যা নেই। এরপর ধাপে ধাপে অবতরণের নির্দেশনা দেন তিনি।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, কয়েক মিনিটের মধ্যেই নিরাপদে অবতরণ করেন ওই পাইলট।

যোগাযোগ নেটওয়ার্কে ত্রুটির কারণে শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) চার ঘণ্টার বেশি সময় দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন বন্ধ রাখে। নিষেধাজ্ঞা ঘোষণার সময় দেশটির আকাশে প্রায় চার হাজার উড়োজাহাজ ছিল। রাডার ও যোগাযোগব্যবস্থার সীমিত সক্ষমতার মধ্যেও সব উড়োজাহাজ নিরাপদে অবতরণ করে।

২০২৩ সালের জানুয়ারিতে এফএএর কম্পিউটার ব্যবস্থায় ত্রুটির পর এটিই ছিল যুক্তরাষ্ট্রে প্রথম দেশব্যাপী বিমান চলাচল বন্ধের ঘটনা। এর আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে বোস্টন থেকে সিয়াটল এবং নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েন। অনেক যাত্রী বিকল্প হিসেবে বাস, ট্রেন ও ভাড়া করা গাড়ির খোঁজ করেন। বিমান সংস্থাগুলো সতর্ক করেছে, উড়োজাহাজ ও কর্মীদের অবস্থানগত জটিলতার কারণে সপ্তাহান্তজুড়েই ফ্লাইট বাতিলের ঘটনা ঘটতে পারে।

তবে এই বিশৃঙ্খলার মধ্যেও ব্যতিক্রমী অভিজ্ঞতা হয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের। লস অ্যাঞ্জেলেস থেকে অরল্যান্ডোগামী ওই ফ্লাইটে ছিলেন হুবাস্ট্যাঙ্ক, সিম্পল প্ল্যান, দ্য ইউজড ব্যান্ড এবং সংগীতশিল্পী লোলো।

শাটডাউনের খবর ছড়িয়ে পড়ার পর উড়োজাহাজের ভেতরেই ছোট্ট কনসার্টের আয়োজন করেন শিল্পীরা। সঙ্গে থাকা মাইক্রোফোন ও অ্যাম্পলিফায়ার ব্যবহার করে উড়োজাহাজের ঘোষণাব্যবস্থার মাধ্যমে গান পরিবেশন করেন তারা।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লোলো জানান, ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা অবস্থায় যাত্রীরা ওয়াই-ফাইয়ের মাধ্যমে জানতে পারেন, যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আজ সব উড়োজাহাজের চলাচল বন্ধ ছিল, কিন্তু ইমো সংগীতের দেবতারা নিশ্চিত করেছেন, এই উড়োজাহাজটি যেন আকাশে থাকে।’

বিষয়:এয়ারফিল্ড যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষানবিশ পাইলট সংগীতশিল্পী লোলো হিকস এয়ারফিল্ড
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…