স্বাস্থ্য

হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ শনাক্ত হয়েছে এক হাজার ৫৭২ জনের। তাদের মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৫৮ জনের।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সন্দেহজনক হাম নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও খুলনা বিভাগের। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ এবং চট্টগ্রামে ৩০ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট দুই লাখ ৪৮ হাজার ৬০ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯। সন্দেহজনক হাম নিয়ে এ পর্যন্ত এক হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২১ হাজার ৫৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১২ হাজার ৪০২ জন।

 

বিষয়:স্বাস্থ্য অধিদপ্তর হাম হামের উপসর্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…