বাংলাদেশ

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক: প্রধানমন্ত্রী

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক: প্রধানমন্ত্রী

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা জরুরি। একটি জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার বিশ্বাস করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষা একে অপরের পরিপূরক হিসেবে চলতে হবে। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

শিল্প খাতের পরিবেশবান্ধব রূপান্তরের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার প্রসার ঘটাচ্ছে। একই সঙ্গে পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।

পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর লক্ষ্য রয়েছে।

উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, উপকূলীয় জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ বন গড়ে তোলা হচ্ছে। বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়নব্যবস্থা এখনো অপর্যাপ্ত।

জলবায়ু অর্থায়নের বৈষম্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে এতে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান। পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে হবে।

এজন্য পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ-ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ।

প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর কার্যকর উদ্যোগ নিতে হবে।

কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল প্রত্যাশা করে বাংলাদেশ উল্লেখ করে তারেক রহমান বলেন, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থকে গুরুত্ব দিতে হবে। প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপ দিতে বৈশ্বিক সংহতি ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের প্রথম দিন বুধবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের সঙ্গে তার সাক্ষাৎ হয়।

বিষয়:অর্থনৈতিক প্রবৃদ্ধি কপ-৩১ প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…