বাংলাদেশের ‘সর্বকালের সেরা’ খেলোয়াড় হামজা
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

হামজা চৌধুরীর জাতীয় দলে অধিনায়কত্বের অভিষেক হল স্বপ্নের মতো। গোল করেছেন, বাংলাদেশ জিতেছে ৪-০তে। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকায় থমাস ডুলির শিষ্যরা দেখিয়েছে আধিপত্য। ইংলিশ লিগ মাতিয়ে আসা হামজার খেলায় মুগ্ধ সবাই। সতীর্থ জামাল ভুঁইয়া তো বলেই দিলেন, হামজা বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়।
জাতীয় স্টেডিয়ামে সাফের গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক হিসেবে প্রথমবার একাদশে শুরু করা হামজা গোল করেছেন। সঙ্গে শমিত সোম, রাকিব হোসেন, ফারহান আলি ওয়াহিদও গোল করেছেন।
জয়ের ১২ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার সকালেই আবার অনুশীলনে নেমে গেছে বাংলাদেশ। সেমির আগে হাতে দুদিন সময়। অনুশীলনের ফাঁকে সাংবাদিকের সঙ্গে কথা বলেন জামাল ভুঁইয়া।
বলেছেন, ‘হামজা এটার (অধিনায়কত্বের) যোগ্য। তিনি ভালো খেলেছেন। আর হামজা সম্ভবত বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়। অবশ্যই উনি সবচেয়ে বড় তারকা। দলের সেরা খেলোয়াড় এবং হামজার জন্য আমি খুবই খুশি।’
শনিবার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ।




