প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) এর সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ।
স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় তুরস্কের আনতালিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে বুধবার সকালে আনতালিয়া প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি নেতাদের মিলনকক্ষে বিভিন্ন দেশের বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করেন তিনি।
জাতিসংঘের উচ্চপর্যায়ের এই জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।




