‘আমার বয়স ৬০, কিন্তু এই শিশুদের দেখুন’, ভীত স্ত্রীকে বলেছিলেন প্রকাশ রাজ

শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে গিয়ে পুলিশের পদক্ষেপ দেখে ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেতা প্রকাশ রাজের স্ত্রী পোন্নি ভার্মা। তবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তে অটল ছিলেন প্রকাশ। সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে পোন্নি জানিয়েছেন, আন্দোলনস্থলে শিক্ষার্থীদের পাশে বসে থাকার মধ্যেই দেশের ভবিষ্যৎ দেখেছিলেন তার স্বামী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন ও জুলাইয়ে দিল্লি ও বেঙ্গালুরুতে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেন প্রকাশ রাজ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে যুক্ত হয়ে জন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি এবং ‘চলো সংসদ’ মিছিলে যোগ দেন তিনি।
সম্প্রতি প্রেমার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন পোন্নি ভার্মা। তিনি জানান, বিক্ষোভস্থলে পুলিশের লাঠিচার্জ ও ছররা গুলির ঘটনা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন। তখন প্রকাশ রাজ তাকে বলেছিলেন, ‘আমার বয়স ৬০, কিন্তু এই শিশুদের দেখুন। তাদের মায়েদের কী হবে?’
প্রকাশের বক্তব্য ছিল, শিক্ষার্থীদের পাশে অন্তত একজন পরিচিত মানুষ বসে আছেন—এ কথা ভেবে তাদের মায়েরা সাহস পাবেন। পোন্নির মতে, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে প্রকাশের এই মনোভাব তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
আন্দোলনস্থলে প্রকাশ রাজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন পোন্নি। তাই তাকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন। কিন্তু প্রকাশ সেই প্রস্তাবে রাজি হননি।
পোন্নি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, তুমি যদি সেখানে যেতে চাও, যাও। কিন্তু আমি কি তোমার জন্য একটি হোটেল বুক করতে পারি? অন্তত হোটেলে থেকে ফিরে এসো। কিন্তু তিনি রাজি হননি। তিনি সেখানেই মঞ্চের ওপর ঘুমিয়েছিলেন। সেখানে জলও ছিল না, কিছুই ছিল না।’
প্রকাশ রাজের মতো একজন ব্যক্তিত্বের বিক্ষোভস্থলে এভাবে রাত কাটানোর প্রয়োজন ছিল না বলেও মনে করেছিলেন পোন্নি। তবে তার স্বামীর কাছে বিষয়টি ছিল দেশের ভবিষ্যৎ ও শিশুদের ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত।
পোন্নির কথায়, ‘তিনি বলেছিলেন, এটা দেশের ভবিষ্যতের জন্য। এটা আমাদের শিশুদের ভবিষ্যৎ। আর আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি না।’
এনইইটি (NEET) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও অনিয়মের পর শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন এবং ককরোচ জনতা পার্টি তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানায়।
জুনে বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন প্রকাশ রাজ। জুলাইয়ে দিল্লির জন্তর মন্তরে সমাজকর্মী সোনম ওয়াংচুক ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ান তিনি। পরে জুলাইয়ের শেষ দিকে অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে সংসদ অভিমুখে ‘চলো সংসদ’ মিছিলে অংশ নেন প্রকাশ।
বিক্ষোভের সময় পুলিশের পদক্ষেপের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দিল্লি পুলিশ জানায়, মিছিলের জন্য আগে থেকে অনুমতি নেওয়া হয়নি। অন্যদিকে, সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামা ও সরকারি বক্তব্যে দিল্লি পুলিশ দাবি করে, তারা সর্বোচ্চ সংযম ও প্রয়োজনীয় ন্যূনতম শক্তি প্রয়োগ করেছে। হিন্দুস্তান টাইমস





