মতামত

শেখ হাসিনার ফেরার ইচ্ছা ও রাষ্ট্রের পরীক্ষা

শেখ হাসিনার ফেরার ইচ্ছা ও রাষ্ট্রের পরীক্ষা

ছবি: এআই।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেছেন। তার বক্তব্য, তিনি আদালতের সামনে আত্মসমর্পণ করতে দেশে ফিরতে চান। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যাওয়ার পর এটিই তার পক্ষ থেকে সবচেয়ে স্পষ্ট ও আনুষ্ঠানিক পদক্ষেপ।

এই আবেদনকে শুধু একজন ব্যক্তির প্রশাসনিক আবেদন হিসেবে দেখার সুযোগ নেই। এটি একই সঙ্গে আইনি, রাজনৈতিক ও কূটনৈতিক — তিনটি প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। আর এই তিন প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বর্তমান সরকার কোন পথে হাঁটবে।

প্রথম প্রশ্নটি আইনের। একজন নাগরিক হিসেবে পাসপোর্ট চাওয়া তার অধিকার আছে কিনা, তা নিয়ে বিতর্ক থাকতে পারে না। পাসপোর্ট চাওয়ার অধিকার নাগরিক অধিকার। কিন্তু তিনি যখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি, তখন বিষয়টি আর সাধারণ থাকে না। রাষ্ট্রকে এখন সিদ্ধান্ত নিতে হবে — আইন কি প্রতিহিংসার হাতিয়ার হবে, নাকি ন্যায়বিচারের আশ্রয় হবে? তিনি যদি সত্যিই আত্মসমর্পণ করতে ফেরেন, তবে রাষ্ট্রের দায়িত্ব হবে তাকে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা – রাষ্ট্রের আইনি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বিষয়টি এমনই দাঁড়ায়। বিচার যদি প্রতিশোধের মতো দেখায়, তবে তা ন্যায়কে দুর্বল করবে। আবার বিচার যদি দুর্বলতার মতো দেখায়, তবে তাও রাষ্ট্রের আইনি ভিত্তি নিয়ে আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠানোর জন্য কাজ করার সুযোগ আছে।

এআই দিয়ে তৈরি প্রতিকী ছবি।

দ্বিতীয় প্রশ্নটি রাজনীতির। আওয়ামী লীগ নিষিদ্ধ, দলের বহু নেতা কারাগারে কিংবা নির্বাসনে। এই বাস্তবতায় হাসিনার ফেরা মানেই ক্ষমতায় ফেরা নয়। কিন্তু তার ফেরা রাজনীতির মাঠে পুরনো বিভাজনকে আবার সক্রিয় করতে পারে — এ নিয়ে কোন সংশয় থাকার কথা না।

প্রশ্ন হচ্ছে রাজনীতিতে পুরনো বিভাজন ফিরিয়ে আনলে লাভ কার? লাভ কি আওয়ামী লীগের নাকি বিএনপির? বিএনপি প্রতিপক্ষ হিসেবে কাকে চায়? জামায়াতকে চায় নাকি আওয়ামী লীগকে চায়? বিএনপি যদি প্রতিপক্ষ হিসাবে আওয়ামী লীগকে চায় তবে আগামী নির্বাচনে বিএনপিকে প্রবল প্রতিপক্ষের সম্মুখীন হতে হবে। আর যদি জামায়াতকে চায় তবে অধিকতর দুর্বল প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে।

উপরন্তু জামায়াতের বিরুদ্ধে যেই রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করা হয়, যেমন ১৯৭১ সনের স্বাধীনতার বিরোধিতাকারী শক্তি। এই একই রাজনৈতিক হাতিয়ার আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ব্যবহার করে এসেছে। বিএনপি এই হাতিয়ার ব্যবহার করলে আওয়ামী লীগের তখন বিএনপিকে সমর্থন করা ছাড়া আর কোন উপায় থাকে না। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে জামায়াতকে সমর্থন করার কোন উপায় নেই। সেই ক্ষেত্রে নিষিদ্ধ আওয়ামী লীগ বিএনপির জন্য অধিকতর উপকারী।

আইনি দৃষ্টিতে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে চাইলে বিএনপি আন্তর্জাতিক চাপের মুখে পড়বে এবং শেখ হাসিনাকে কেন বিচারের মুখোমুখি করা হবে না এই প্রশ্নের উত্তর বিএনপিকে দিতে হবে। সে ক্ষেত্রে শেখ হাসিনা পাসপোর্ট চেয়ে যে আবেদন করেছে, সেই আবেদন খারিজ করতে বিএনপিকে কঠিন আইনী ও রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। তবে এখানেই পরিপক্বতার পরীক্ষা। একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার প্রতিপক্ষকে ভয় পায় না, তাকে মোকাবিলা করে আইন, রাজনীতি ও জনমত দিয়ে। আর এই সুযোগটাই শেখ হাসিনা নিয়েছে।

হাসিনার এখনো দেশে সমর্থক আছে, তার দল নিষিদ্ধ হলেও সেই দলের কর্মী সমর্থক এই সমাজেই বসবাস করে। এ সত্য অস্বীকার করার উপায় নাই। এক্ষেত্রে রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্ন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে। বরং স্থিতিশীলতা আসবেনা এটাই ধরে নেওয়া যায়। সকল পক্ষকে আইনের ভেতরে রেখে রাজনীতি করার সুযোগ দেওয়াই দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার পথ – গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এই কথাটাই আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় তুলবে।

ছবি : সংগৃহীত।

তৃতীয় প্রশ্নটি কূটনীতির। তাকে আশ্রয় দেওয়ার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। তার প্রত্যাবর্তন সেই সম্পর্কে নতুন অধ্যায় খুলে দিতে পারে যদি বর্তমান সরকার ভারতের সাথে স্থিতিশীলতা চায়। আর ভারত শেখ হাসিনার এই বিচারের মুখোমুখি হতে চাওয়া ইস্যু নিয়ে বাংলাদেশের আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ পাবে। সেক্ষেত্রে ভারতের সুযোগ থাকবে যে, ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে না। এটা ভারতের পক্ষ থেকে একটি মোক্ষম পররাষ্ট্রনৈতিক চাল।

সব মিলিয়ে বলতে হয়, শেখ হাসিনার ফেরার জন্য পাসপোর্ট ও এন আই ডি চেয়ে আবেদন বাংলাদেশের জন্য একটি সংকট। ১০০ বছর পরের ইতিহাস মনে রাখবে, এই মুহূর্তে বাংলাদেশ কী করেছিল। রাষ্ট্র কি একজন সাবেক প্রধানমন্ত্রীকে আইনের শাসনের মধ্য দিয়ে মোকাবিলা করতে পেরেছিল, নাকি আবেগ ও প্রতিহিংসার রাজনীতি দিয়ে মোকাবেলা করেছিল?

শেখ হাসিনার ১৭ বছরের শাসনকে বিএনপি এখনো প্রশ্নবিদ্ধ করতে পারেনি কারন বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ১৭ বছরের শাসন নিয়ে কোন রাজনৈতিক পারসেপশন তৈরি করতে পারেনি। যেই পারসেপশনের উপর দাঁড়িয়ে বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারে। বরং বিগত নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কিভাবে কৌশলে ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করেছে এবং তার মধ্যদিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকগন সামাজিকভাবে স্থিতিশীল হয়েছে। এই স্থিতিশীলতাই হচ্ছে শেখ হাসিনার দেশে ফিরে আইন ও বিচারকে মোকাবিলা করার ভিত্তি।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই–এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

বিষয়:আওয়ামীলীগ গণঅভ্যুত্থান জামায়াত দিল্লি বাংলাদেশ বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…