বিক্ষোভের নামে অনির্দিষ্টকাল কোনো জায়গা দখল করে রাখা যাবে না: সুপ্রিম কোর্ট

ছবি: সংগৃহীত
বিক্ষোভ করার অধিকার সবার থাকলেও এর নামে অনির্দিষ্টকাল কোনো নির্দিষ্ট জায়গা দখল করে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। আদালত বলেছেন, বিক্ষোভের জন্য নির্ধারিত স্থান ব্যবহারের ক্ষেত্রেও সময়সীমা থাকা প্রয়োজন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিল্লির যন্তর মন্তরে বিরোধী দলগুলোর সম্প্রতি বিক্ষোভ নিয়ে শুনানির সময় এ মন্তব্য করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত।
এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুনানিতে সরকারের আইনজীবী তুষার মেহতা বলেন, যারা বিক্ষোভের ডাক দেবেন, তাদের এর ফলে সৃষ্ট পরিস্থিতির দায়ও নিতে হবে। জবাবে প্রধান বিচারপতি বলেন, কোনো জায়গা চিরদিনের জন্য দখল করে রাখা যায় না। কৃষক, আইনজীবীসহ অন্যদেরও বিক্ষোভ করার অধিকার রয়েছে। তাদের জন্য জায়গা কোথায় থাকবে, সেটিও বিবেচনায় নিতে হবে।
তুষার মেহতা আদালতকে জানান, গত ২০ জুলাইয়ের বিক্ষোভের জন্য এক দিনের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু বিক্ষোভকারীরা নির্ধারিত সময়ের পরও সেখানে অবস্থান করেন এবং সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যান।
এ সময় তিনি বলেন, সংসদ কোনো সাধারণ রাজনৈতিক ভবন নয়। সেখানে কিংবা সুপ্রিম কোর্টের দিকে মিছিল নিয়ে যাওয়া যায় না।
যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভের জন্য বিকল্প তিনটি স্থান নির্ধারণ করে দেয়। গত মাসে যন্তর মন্তরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধী দলগুলোসহ বিভিন্ন পক্ষের বড় বিক্ষোভের পর বিষয়টি আদালতে ওঠে।





