১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান

ছবি: সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। তবে যখনই চূড়ান্ত হোক না কেন, তা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীতে মজুরি বোর্ডের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান অসন্তোষ এবং বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি নির্ধারণে আইনগত কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তাই আগামী ১ ডিসেম্বরই নতুন মজুরি ঘোষণা করা হবে, এমন কোনো প্রতিশ্রুতি তিনি দেননি। তবে মজুরি চূড়ান্ত হওয়ার পর গেজেট প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে, বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর বলে গণ্য হবে।
তিনি বলেন, ‘আমি কিন্তু বলিনি যে ১ ডিসেম্বর নতুন মজুরি ঘোষণা দেব। সেটি আইনগত ও বাস্তবিক কারণে সম্ভব নয়। আমরা যখনই এটি চূড়ান্ত করতে পারব, গেজেট প্রজ্ঞাপনে উল্লেখ থাকবে যে বর্ধিত মজুরি ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে প্রাপ্য হবে।’
মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, আইন অনুযায়ী নতুন মজুরি নির্ধারণে বোর্ড ছয় মাস সময় পায়। প্রয়োজনে সরকারের কাছ থেকে অতিরিক্ত সময় নেওয়ারও সুযোগ রয়েছে। তবে সরকার দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত চায়। বোর্ডও নির্ধারিত সময়ের আগেই প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে।
এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত বোর্ড ইতিমধ্যে দুটি সভা করেছে। গত সোমবার তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ নভেম্বর।
সভা স্থগিতের কারণ ব্যাখ্যা করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের শ্রমিকপক্ষের একজন স্থায়ী সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করতে হয়েছে। ওই সদস্যকে ছাড়াও সভা করার আইনগত সুযোগ থাকলেও নৈতিক ও বাস্তবিক বিবেচনায় সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা স্থগিতের পেছনে কোনো পক্ষের চাপ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তার ওপর কোনো পক্ষ থেকে চাপ, অনুরোধ কিংবা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেনি।
শ্রমিকদের আশ্বস্ত করে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ‘কোনো তরফে আমার ওপর কোনো চাপ বা অনুরোধ বা উপরোধ বা ভীতি প্রদর্শনের কিছুই নেই। এটি আমি আপনাদের মাধ্যমে শ্রমিক ভাইদের হলফ করে বলছি।’






