৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল পাবে পোশাকশ্রমিকেরা

ছবি: সংগৃহীত
উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে চাল বিক্রি করতে বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কার্যক্রমে একজন পোশাকশ্রমিক ৩০ টাকা কেজি দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে এই বিশেষ ওএমএস কার্যক্রম চলবে তিন মাস। এই সময়ে তৈরি পোশাকশিল্পে কর্মরত একজন শ্রমিক ৩০ টাকা কেজিতে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা এবং চট্টগ্রাম মহানগর ও জেলার অন্যান্য এলাকায় এই কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা করেছে মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার জানিয়েছেন, পোশাকশ্রমিকদের জন্য এই বিশেষ ওএমএস চলতি মাসেই শুরু হবে। ২০ নভেম্বর শুক্রবার কার্যক্রমটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ এই ওএমএস কার্যক্রম বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয় গতকাল অর্থ মন্ত্রণালয়ের কাছে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত বা বিশেষ অর্থ বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আল মামুন।
অর্থ মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয় দেশের বাজারে খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা, নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য প্রাপ্তি সহজলভ্য এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা প্রদানের জন্য নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় হ্রাস এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ সৃষ্টির জন্য বিশেষ ওএমএস কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএসের চাল বিক্রি হবে। প্রতি ট্রাকে পাঁচ টন হিসাবে মোট ৩৭৫ টন চাল শ্রমিকদের মধ্যে সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।
অর্থ মন্ত্রণালয়ে দেওয়া চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে সরকারি পর্যায়ে চালের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে প্রস্তাবিত বিশেষ ওএমএস কার্যক্রমের জন্য প্রয়োজনীয় চাল বিদ্যমান সরকারি মজুত থেকে সরবরাহ করা সম্ভব হবে। সরকারি খাদ্যশস্যের বিদ্যমান পর্যাপ্ত মজুতের যথাযথ ব্যবহার নিশ্চিত ও তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের সাশ্রয়ী মূল্যে চাল সরবরাহের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল সংস্থান এবং ট্রাক পরিচালনা, পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য চলতি অর্থবছরের বাজেটে অতিরিক্ত বা বিশেষ বরাদ্দের অনুরোধ করে খাদ্য মন্ত্রণালয়।
দরিদ্র মানুষকে সহায়তা ও বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার নিজের গুদামে খাদ্যশস্য মজুত করে। মূলত চাল ও গম মজুত করা হয়। এই খাদ্যের একটি অংশ সরকার বাজারে স্বল্প মূল্যে বিক্রি করে। আরেকটি অংশ ত্রাণ ও সহায়তা হিসেবে বিতরণ করা হয়। সরকারের সবচেয়ে বড় কর্মসূচির নাম খাদ্যবান্ধব কর্মসূচি। খাদ্যবান্ধব কর্মসূচির চাল দেওয়া হয় কার্ডের বিপরীতে। যাঁরা কার্ড পাননি, তাঁরা এই সহায়তা নেওয়ার সুযোগ পান না। কার্ডহীনদের ভরসা ওএমএসের দোকান বা খোলা ট্রাকে বিক্রির কর্মসূচি।
সরকার তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস চালুর সিদ্ধান্ত এমন এক সময় নিল, যখন মজুরি বৃদ্ধির দাবিতে শিল্পাঞ্চলে অস্থিরতা চলছে। এদিকে নিম্নতম মজুরি বোর্ডও কাজ শুরু করেছে। ইতিমধ্যে বোর্ডের দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবারের সভায় ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি।
জানতে চাইলে বিশেষ এই ওএসএস পোশাকশ্রমিকদের জন্য সম্মানজনক হবে না বলে মন্তব্য করলেন মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলেন, ছয় দিন হাড়ভাঙা পরিশ্রম করার পর ছুটির দিনে শুধু ওএমএসের চালের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। ৩০০ টাকা বাঁচাতে এই উদ্যোগ কার্যকর সমাধান নয়। তা ছাড়া পোশাকশ্রমিকদের জন্য এটি সম্মানজনক হবে না। সাশ্রয়ী মূল্যের পণ্য শ্রমিকদের কারখানা গেট থেকেই দিতে হবে। আর শুধু চাল নয়, নিত্যপ্রয়োজনীয় সব পণ্য যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি সাশ্রয়ী মূল্যে দেওয়ার উদ্যোগ নিলেই শ্রমিকেরা কিছুটা স্বস্তি পাবেন।
ম্যাপড ইন বাংলাদেশের তথ্যানুযায়ী, দেশে ৩ হাজার ৩২০ পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন ২৯ লাখ ৮৭ হাজার পোশাকশ্রমিক। তার মধ্যে ৫৭ শতাংশ নারী।





