রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ফরাসি তারকা কাইলিয়ান এমবাপেকে দলে টানার আলোচনার মধ্যেই তাদের দলবদলের মৌসুম শেষ হয়ে গেছে। এ মৌসুমে আর কোনো নতুন খেলোয়াড়ের সাথে চুক্তি করবে না মাদ্রিদের ক্লাবটি। তাতে এমবাপের মাদ্রিদে যাওয়ার রাস্তা আপাতত বন্ধই বলা যায়।
দলবদলের সুযোগ আছে ১ সেপ্টেম্বর পর্যন্ত। সেটি শেষের আগে রিয়ালে নতুন খেলোয়াড় আসছে কিনা এমন প্রশ্নে ইতালিয়ান কোচ বলেছেন, ‘না, আমি এটা মনে করি না। শতভাগ না। এটা শেষ, দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে নতুন চুক্তিকে না করেছি। স্কোয়াডও বন্ধ করেছি।’
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা এমবাপের মধ্যকার সম্ভাব্য চুক্তির ঘটনা কয়েক মৌসুম ধরেই আলোচিত। তাদের মধ্যে চুক্তি হবে হবে করেও হয়নি। পিএসজি ২৪ বর্ষী তারকার মূল্য ঠিক করে দেয়ার পর এ মৌসুমেও চুক্তি হচ্ছে না, এমনই ইঙ্গিত আনচেলত্তির কথায়।
আনচেলত্তির কথায়, লস ব্লাঙ্কোসরা মৌসুমের চুক্তি শেষ করে ফেলেছে। তাতে, আপাতত আর নতুন কোনো আশা দেখা যাচ্ছে না।







