ফুটবল

মাও সে তুং’কে নিয়ে বেফাঁস মন্তব্য, তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইলেন এমবাপে

মাও সে তুং’কে নিয়ে বেফাঁস মন্তব্য, তীব্র সমালোচনার মুখে ক্ষমা চাইলেন এমবাপে

সম্প্রতি চীনের সাবেক নেতা মাও সে তুং’কে নিয়ে একটি ভিডিওতে রসিকতা করার অভিযোগ উঠেছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের বিরুদ্ধে। তার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করেছে চীনের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান। এর জেরে আরও বড় ধরনের প্রভাব পড়ার ইঙ্গিত দিচ্ছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। অবস্থা বেগতিক দেখে ক্ষমা ছেয়ে নিয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এমবাপেকে নিয়ে তৈরি মিমগুলোর মধ্যে একটিকে মজার বলে মন্তব্য করেছেন রিয়াল তারকা। যেটাতে মুখমণ্ডল অন্য একজনের ছবির উপর বসানো ছিল, সেটা দেখে তিনি একজন চীনা স্বৈরশাসক বলে উল্লেখ করেন। ধারণা করা হয়, এটি মাও সে তুং’য়ের ছবির উপর এমবাপের মুখ বসিয়ে তৈরি করা একটি মিম।

পরে ফরাসি, চীনা ও ইংরেজি ভাষায় দেয়া বিবৃতিতে এমবাপে বলেছেন, ‘আমার মন্তব্যটি ছিল অবিবেচনাপ্রসূত। এখন বুঝতে পারছি, এটি চীনের মানুষ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চীনা সম্প্রদায়ের অনেকের মনে আঘাত দিয়েছে। আমার কথায় যারা কষ্ট পেয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চাইছি।’

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত করেছে। লা লিগাও ক্ষমা চেয়ে বলেছে, ‘কাইলিয়ান এমবাপের সাম্প্রতিক মন্তব্যের কারণে চীনা ভক্তদের মনে যে আঘাত লেগেছে, তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। এই মন্তব্যগুলো তিনি ব্যক্তিগতভাবে করেছেন, যা লা লিগার অবস্থানের প্রতিনিধিত্ব করে না।’

চীনের পানীয় প্রস্তুতকারক কোম্পানি দংপেং ২০২৬ বিশ্বকাপ চলাকালীন এমবাপের কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি ছবি ব্যবহার করে স্পোর্টস ড্রিংকের বিজ্ঞাপন প্রচার করেছিল। জানিয়েছে, তারা ফ্রান্স অধিনায়কের সঙ্গে সবধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করছে।

চীনের বৃহত্তম দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মেংনিউ এবং পনির প্রস্তুতকারক কোম্পানি মিল্কগ্রাউন্ড জানিয়েছে, এমবাপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। এতদিন চীনা ভক্তদের কাছে এমবাপে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে দংপেং বেভারেজের সঙ্গে এমবাপের সম্পর্ক ছিন্ন করার বিষয়টি সবচেয়ে আলোচিত হয়ে ওঠে।

বিষয়:এমবাপে চীন ফ্রান্স মাও সে তুং লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…