বাংলাদেশকে কত রানের লক্ষ্য দিতে চায় উইন্ডিজ?

সিলেট টেস্টের শেষ দিনে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে চায় ওয়েস্ট ইন্ডিজ। তবে কত রান হলে নিরাপদ থাকা যাবে, সেই হিসাব এখনই করতে রাজি নন ক্যারিবীয় ব্যাটার কাভেম হজ। তার মতে, উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। তাই পঞ্চম দিনের সকালে উইকেটের অবস্থা বুঝেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিতে চায় দল।
চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের লিড ৩১৫ রান। হাতে রয়েছে আরও ৭ উইকেট। ফলে শেষ দিনে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ থাকছে সফরকারীদের সামনে। তবে বাংলাদেশের জন্য কত রানের লক্ষ্য যথেষ্ট হবে, তা নিয়ে এখনই কোনো নির্দিষ্ট সংখ্যা বলতে চাননি হজ।
রোববার দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ক্যারিবীয় এই ব্যাটার বলেন, ‘এই উইকেটে কত রান নিরাপদ, তা নির্দিষ্ট করে বলা কঠিন। কাল সকালে এসে উইকেটের অবস্থা বুঝতে হবে। আপাতত আমাদের লক্ষ্য লিড বাড়িয়ে যাওয়া। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে, একবারে বেশি দূরের কথা ভাবলে চলবে না। আমরা চাই না খুব বেশি কিছু বাকি রেখে দিতে, আবার অযথা বেশি সময়ও ব্যাটিং করতে চাই না।’
শেষ দিনে বাংলাদেশ কীভাবে খেলবে, সেটিও এখনই অনুমান করতে পারছেন না হজ। আপাতত নিজেদের ব্যাটিংয়ের গতি ও ইনিংস ঘোষণার সময় নির্ধারণেই মনোযোগ ওয়েস্ট ইন্ডিজের। বলেছেন, ‘ওরা কিভাবে খেলতে চাইবে, সেটা আগে থেকে বলা কঠিন। আমরা যখন ইনিংস ঘোষণা করব এবং তারা ব্যাট করতে নামবে, তখন তাদের পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। আপাতত আমাদের নিয়ন্ত্রণে আছে কত রান করছি, কি গতিতে রান তুলছি এবং কখন ইনিংস ঘোষণা করছি। বাকিটা পরে দেখা যাবে।’
এদিকে বাংলাদেশের হয়ে তাওহীদ হৃদয়ের ২৪২ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরও আত্মবিশ্বাস জুগিয়েছে বলে মনে করছেন হজ। বলেছেন, ‘তাওহীদ হৃদয়ের ইনিংসটি যারা দেখেছে, তারা নিশ্চয়ই তার দক্ষতা ও সামর্থ্যের প্রশংসা করবে। প্রতিপক্ষ যে-ই হোক, এমন ইনিংসের কদর করতেই হয়। একই সঙ্গে এটা আমাদের বুঝিয়েছে যে উইকেটটি খুব ভালো। সে যদি এমন ইনিংস খেলতে পারে, তাহলে আমরাও কেন পারব না- ভাবনাটা এমনই ছিল।’





