হ্যালোইন ঘিরে বিক্ষোভের আশঙ্কা, জার্মান ও ফ্রান্সে বাড়তি নিরাপত্তা

ছবি: সংগৃহীত
ইউরোপজুড়ে তরুণদের নেতৃত্বে চলমান বিক্ষোভের মধ্যে হ্যালোইন উৎসবের দিন নতুন করে উত্তেজনার আশঙ্কা করছে জার্মানি ও ফ্রান্স। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার প্রতিবাদে এ আন্দোলন ছড়িয়ে পড়েছে।
আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শনিবার (৩১ অক্টোবর) জার্মানির প্রায় ৩০টি শহরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এতে প্রায় দেড় লাখ মানুষ অংশ নেওয়ার নিবন্ধন করেছেন। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও কোলনসহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদারে হাজার হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য ভাঙচুর ও লুটপাট ঠেকাতে বেশ কিছু বিলাসবহুল দোকান ও বিপণিবিতানের জানালায় কাঠের পাটাতন লাগানো হয়েছে।
জার্মানিতে ‘জেনজি রেগেল্ট’ নামে একটি তরুণ সংগঠন এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। তাদের অভিযোগ, জীবনযাত্রার ব্যয় বাড়লেও সরকার তরুণদের সমস্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।
এদিকে ফ্রান্সেও টানা চতুর্থ সপ্তাহের মতো বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্যারিসের ৪০টির বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিক্ষোভে মুখ ঢাকার মাস্ক পরার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বড় ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করেছেন। দেশটির ব্যবসায়ীরাও উদ্বেগ জানিয়েছেন। ফ্রান্সের চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যালাইন ডি ক্রেসেনজো বলেছেন, শনিবার দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন দোকানিরা। হ্যালোইনে অনেকের মুখোশ পরার বিষয়টি পরিস্থিতি আরও জটিল করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।






