অপরাধ

ঢাবির ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ৩ জনের পরিচয় মিলেছে

ঢাবির ৫ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ৩ জনের পরিচয় মিলেছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন—রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের সময় তাদের আটক করা হয়।

শাহবাগ থানা পুলিশ জানায়, রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া নীলক্ষেত, সিনেট ভবনের সামনে, টিএসসি এলাকায় দুটি এবং শাহবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরিত হয়।

টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন দুই ব্যক্তি। এ সময় উপস্থিত লোকজন তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলেন। পরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আটক দুজনের মধ্যে রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার বিলকাঠোর মধ্যপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত কফিরউদ্দিন প্রামাণিক। তিনি ঢাকার ফকিরাপুল এলাকায় থাকেন।

অপরদিকে, সোহেল রানার স্থায়ী ঠিকানা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের খুটিপাড়া গ্রামে। তার বাবার নাম মো. ইদ্রিস আলী। অন্যদিকে, নাজমুস সাদ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কচাপাড়া গ্রামের নিজামুল হকের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় টিএসসি এলাকা থেকে দুজন এবং জগন্নাথ হল এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

শাহবাগ থানার ওসি কামরুজ্জামান জানান, এখন পর্যন্ত তিনজনকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিষয়:আটক ককটেল বিস্ফোরণ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…