‘সাফ যদি চায় বাংলাদেশ-ভারত ফাইনাল হোক তাহলে অন্যদের বাড়ি পাঠিয়ে দেক’

ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে শ্রীলঙ্কাকে। প্রথমার্ধে গোল হজমের পর এগিয়ে থেকেও শেষয়ার্ধে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। এ ম্যাচের রেফারিং মোটেও পছন্দ হয়নি শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির। সংবাদ সম্মেলনে এসে সব ক্ষোভ উগরে দিয়েছেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে।
সংবাদ সম্মেলনে কুয়েতি কোচ মুতাইরি রেফারি ও সাফের উপর ক্ষোভ ঝাড়েন। সেখানে তিনি বলেন, ‘আমাদের আজকের পারফরম্যান্স নিয়ে আমি অত্যন্ত গর্বিত। আমরা কিছু চোটাক্রান্ত খেলোয়াড়কে নিয়ে খেলেছি, কিন্তু ৯০ মিনিট পর্যন্ত টিকে ছিলাম। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি। আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করেছি।’
‘আমরা ভাগ্যবানও ছিলাম। কারণ একটি পেনাল্টিও বাঁচাতে পেরেছি, যা আমার মতে কোনো পেনাল্টিই ছিল না। আমি বিশ্বাস করি ভুটানের করা দ্বিতীয় গোলটি অফসাইড ছিল। আমার মনে হয় আমাদের একটি পেনাল্টি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তা পাইনি।’
রেফারির ভুল ধরে এ কোচ আরও বলেন, ‘ভুটানের বিপক্ষে রেফারি যদি এই সমস্ত ভুল করেন, তবে বাংলাদেশের বিপক্ষে আমাদের কী হবে? এটি সাফের জন্য একটি বার্তা। আপনারা এখন ভিএআর চালু করুন অথবা রেফারির সাথে সমস্যার সমাধান করুন।’
‘৯৪তম মিনিটে আমার এক খেলোয়াড় বক্সের সামনে ছয়বার আঘাত পেয়েছে। কিন্তু রেফারি বলেছেন ঠিক আছে। যখন ভুটান বল কেড়ে নিল এবং আমরা তা ফিরিয়ে নেয়ার চেষ্টা করলাম, তখনই ফাউল বলে থামিয়ে দেয়া হলো! আহ! এটি ভুটানের বিপক্ষে, বাংলাদেশের বিপক্ষে নয়!’
এরপর ভারত-বাংলাদেশের প্রসঙ্গ টেনে মুতাইরি বলেন, ‘অনুগ্রহ করে, যদি বাণিজ্যিক সুবিধার জন্য ফাইনালে ভারত ও বাংলাদেশকে চাওয়া হয়, তবে কেবল তাদের দুদলের মধ্যেই প্রতিযোগিতা করান। বাকি দলগুলো অন্য উইন্ডোতে খেলুক। এবার আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি।’
‘পরের বার, যদি রেফারি একই ভুল করেন এবং একই পরিবেশ থাকে, তবে কেবল ভারত ও বাংলাদেশকে ফাইনাল ম্যাচ দিয়ে দিন। অন্য দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন। আমাদের সময় নষ্ট হওয়া থেকে বাঁচান।’






