বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেও যুক্তরাষ্ট্রে কানাডীয়দের যাতায়াত বাড়ছে

সূত্র: বিবিসি
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক বিরোধ, পাল্টাপাল্টি শুল্ক আর মার্কিন পণ্য বর্জনের আহ্বানের মধ্যেও দেশটিতে কানাডীয়দের যাতায়াত বাড়ছে। টানা সপ্তম মাসের মতো বেড়েছে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত পারাপার। তবে ভ্রমণ বাড়লেও তা এখনো ২০২৪ সালের পর্যায়ে পৌঁছায়নি।
স্ট্যাটিস্টিকস কানাডার (Statistics Canada) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ফিরেছেন প্রায় ১৮ লাখ ৮৯ হাজার কানাডীয় ভ্রমণকারী। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৩ শতাংশ বেশি।
১২ নভেম্বর প্রকাশিত সংস্থাটির পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবরে গাড়িতে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ফেরার সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়েছে। অন্যদিকে, বিমানে ফেরার হার বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ, সড়ক ও আকাশপথ উভয় মাধ্যমেই কানাডীয়দের যুক্তরাষ্ট্র ভ্রমণ বেড়েছে।
তবে ভ্রমণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা সত্ত্বেও ২০২৪ সালের তুলনায় যাতায়াত এখনো অনেক কম। ওই বছরের অক্টোবরের তুলনায় ২০২৬ সালের অক্টোবরে গাড়িতে যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ফেরার সংখ্যা ২৯ শতাংশ এবং বিমানে ফেরার সংখ্যা ১৯ দশমিক ৬ শতাংশ কম ছিল।
এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে কানাডীয়দের ভ্রমণ উল্লেখযোগ্য হারে কমে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি, দুই দেশের বাণিজ্যিক বিরোধ এবং মার্কিন পণ্য বর্জন ও যুক্তরাষ্ট্র ভ্রমণ না করার আহ্বানকে এ পতনের অন্যতম কারণ হিসেবে দেখা হয়েছিল। তবে ২০২৬ সালের এপ্রিল থেকে সীমান্ত পারাপারে ধারাবাহিক বৃদ্ধি পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এদিকে কানাডায় মার্কিন নাগরিকদের ভ্রমণও বেড়েছে। অক্টোবরে গাড়ি ও বিমানে প্রায় ১৫ লাখ ৩৭ হাজার মার্কিন নাগরিক কানাডা ভ্রমণ করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৮ দশমিক ১ শতাংশ বেশি।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ও বাণিজ্যিক টানাপোড়েন থাকলেও দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও যাতায়াত অব্যাহত রয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে দেখা করা, ব্যবসা, কেনাকাটা ও অবকাশযাপনসহ নানা প্রয়োজনে দুই দেশের নাগরিকেরা সীমান্ত পার হচ্ছেন। তবে ২০২৪ সালের অবস্থানে ফিরতে হলে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে যাতায়াত আরও বাড়তে হবে।






