আন্তর্জাতিক

টাইটানিকের চেয়েও বড় জাহাজ এসএস ইউনাইটেড স্টেটসের শেষ ঠিকানা সমুদ্রের তলদেশ

টাইটানিকের চেয়েও বড় জাহাজ এসএস ইউনাইটেড স্টেটসের শেষ ঠিকানা সমুদ্রের তলদেশ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ এসএস ইউনাইটেড স্টেটসের শেষ ঠিকানা এখন সমুদ্রের তলদেশে। টাইটানিকের চেয়েও বড় এবং একসময় বিশ্বের দ্রুততম যাত্রীবাহী সমুদ্রযান হিসেবে পরিচিত জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে। ফ্লোরিডার ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে এটিকে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরের অংশ হিসেবে ব্যবহার করা হবে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে।

প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ জাহাজটি বুধবার (১১ নভেম্বর) পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে পানি প্রবেশ করিয়ে ডুবিয়ে দেওয়া হয়। শেষ মুহূর্তে একদিকে কাত হয়ে এটি সমুদ্রের তলদেশে তলিয়ে যায়। জাহাজকে পরিকল্পিতভাবে ডুবিয়ে দেওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ‘স্কাটলিং’।

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত এসএস ইউনাইটেড স্টেটস ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রথম আটলান্টিক পাড়ি দেওয়ার সময় মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে মহাসাগরটি অতিক্রম করে জাহাজটি। এ সময় এর গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার। যাত্রীবাহী কোনো সমুদ্রযান এখন পর্যন্ত এই গতির রেকর্ড ভাঙতে পারেনি।

১৭ বছরের কর্মজীবনে জাহাজটি হাজার হাজার যাত্রী বহন করেছে। এর যাত্রীদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডুইট আইজেনহাওয়ার। এ ছাড়া হলিউড তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর ও মারলন ব্র্যান্ডো, চিত্রশিল্পী সালভাদর দালি এবং সংগীতশিল্পী ডিউক এলিংটনও এই জাহাজে ভ্রমণ করেছেন।

দীর্ঘদিন ধরে ফিলাডেলফিয়া বন্দরে অচল অবস্থায় পড়ে ছিল জাহাজটি। বিভিন্ন মালিক এটি সংরক্ষণ ও পুনরুদ্ধারের চেষ্টা করলেও রক্ষণাবেক্ষণের ব্যয় ক্রমেই বাড়ছিল। ২০২১ সালে বন্দরের দৈনিক নোঙর ফি ১ হাজার ৭০০ ডলারে উন্নীত হলে অলাভজনক সংস্থা এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেন্সির পক্ষে সেই ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ে।

পরে ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। এটিকে কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তরের পরিকল্পনা করা হয়। কাউন্টি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পরিবেশের জন্য নিরাপদ করতে জাহাজটি ডুবিয়ে দেওয়ার আগে প্রায় এক বছর ধরে প্রস্তুতিমূলক কাজ করা হয়েছে। ক্ষতিকর উপাদান সরিয়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়েছে বলেও দাবি কর্তৃপক্ষের।

বিশ্বজুড়ে সমুদ্রের তলদেশে প্রায় ৩০ লাখ জাহাজের ধ্বংসাবশেষ রয়েছে বলে ইউনেসকোর ২০০৭ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব ধ্বংসাবশেষের অনেকগুলোই মাছ, প্রবাল ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে। এ কারণেই পরিবেশের জন্য নিরাপদ করে পুরোনো জাহাজ ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়।

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে ১৯৮৪ সাল থেকে চালু ‘রিগস টু রিফস’ কর্মসূচির আওতায় ৬০০টির বেশি পুরোনো তেল ও গ্যাস প্ল্যাটফর্মকে কৃত্রিম প্রবালপ্রাচীর হিসেবে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া পরিত্যক্ত জাহাজ, পাতালরেলের বগি, কংক্রিটের কাঠামো ও অন্যান্য উপকরণ দিয়েও এমন আবাসস্থল তৈরি করা হয়েছে।

এসএস ইউনাইটেড স্টেটসকে ঘিরে নতুন এই উদ্যোগ সামুদ্রিক জীববৈচিত্র্য, মৎস্যশিল্প ও পর্যটনের বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করছে ওকালুসা কাউন্টি। একই সঙ্গে জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে সেখানে ডুবুরি ও পর্যটকদের আকর্ষণ বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিষয়:বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর যুক্তরাষ্ট্র সমুদ্রের তলদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…