স্কুলে ভর্তি ২০২৭: জেনে নিন বয়স, ফি ও সব নিয়ম

২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়মে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুযায়ী ভর্তি নেওয়া হবে।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স হতে হবে ছয় বছরের বেশি অথবা সমান, তবে সাত বছরের কম। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সে সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে পৃথক দুটি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত বুধবার (১১ নভেম্বর) ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) নীতিমালা দুটি প্রকাশ করা হয়।
নতুন নির্দেশনায় ভর্তির পদ্ধতি, বয়সসীমা, আবেদন ফি, পরীক্ষার নম্বর বণ্টন, আসনসংখ্যা এবং ভর্তি ফি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু নিয়ম একই হলেও আবেদন ও ভর্তি পরিচালনার পদ্ধতিতে রয়েছে কয়েকটি পার্থক্য।
প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা কত?
নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর জন্মতারিখ হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে।
অর্থাৎ, ২০২৭ সালের ১ জানুয়ারি শিশুর বয়স ছয় বছর পূর্ণ হতে হবে। তবে ওই তারিখে বা পরবর্তী সময়ে বয়স সাত বছর পূর্ণ হওয়া যাবে না।
বয়স যাচাইয়ের জন্য আবেদনপত্রের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত ছাড় দেওয়ার বিধান রাখা হয়েছে।
প্রতি শ্রেণির এক শাখায় ৫৫ জন শিক্ষার্থী
সরকারি ও বেসরকারি উভয় ধরনের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
নীতিমালায় প্রতি শ্রেণির প্রতিটি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রবেশ শ্রেণিতে এবং আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।
সরকারি স্কুলে ভর্তির নিয়ম ও আবেদন পদ্ধতি
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে অনলাইনে পরিচালিত হবে। আবেদন গ্রহণ থেকে শুরু করে ফি জমা, ফলাফল তৈরি এবং প্রকাশ—সব কার্যক্রম নির্ধারিত অনলাইন ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা হবে।
প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একজন আবেদনকারী সর্বোচ্চ পাঁচটি সরকারি বিদ্যালয় পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে পারবেন।
কোনো বিদ্যালয়ে দুটি শিফট থাকলে উভয় শিফটকে পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করলে সেটি দুটি পৃথক পছন্দ হিসেবে বিবেচিত হবে। একই বিদ্যালয়ে একাধিক আবেদন করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সব আবেদন বাতিল করা হবে।
প্রথম শ্রেণির ভর্তি: লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। এ কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্বাচিতদের তালিকার পাশাপাশি শূন্য আসনের সমানসংখ্যক অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করা হবে। নির্ধারিত সময়ে কেউ ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে ধারাবাহিকভাবে শিক্ষার্থী নেওয়া হবে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণি: আসন খালি থাকা সাপেক্ষে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিতদের পাশাপাশি সমসংখ্যক অপেক্ষমাণ প্রার্থীর তালিকাও প্রস্তুত রাখতে হবে।
বেসরকারি স্কুলে ভর্তি কীভাবে হবে?
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো নিজেদের ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় ভর্তি পরীক্ষার দিন ও সময় নির্ধারণ করা হবে।
একই ক্যাচমেন্ট এলাকার একাধিক প্রতিষ্ঠানে যেন একই দিনে ভর্তি পরীক্ষা না হয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করতে হবে।
প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করতে হবে। নির্বাচিতদের পাশাপাশি সমানসংখ্যক অপেক্ষমাণ শিক্ষার্থীর তালিকা রাখতে হবে।
অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শূন্য আসনের বিপরীতে লিখিত পরীক্ষা নিয়ে মেধাক্রম অনুসারে ভর্তি করতে হবে।
নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন ও নির্বাচনের জন্য বিবেচিত হবেন।
বেসরকারি প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার আবেদন ফরম বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকলে সেখান থেকেও ফরম নেওয়ার সুযোগ থাকবে। ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা বিদ্যালয়ের নিজস্ব বিজ্ঞপ্তিতে জানাতে হবে।
সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তি পরীক্ষায় কত নম্বর?
ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে এক নয়। বিশেষ করে চতুর্থ শ্রেণি থেকে পরীক্ষার নম্বরের ক্ষেত্রে পার্থক্য রয়েছে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার মানবণ্টন
শ্রেণি- বাংলা, ইংরেজি, গণিতে মোট নম্বর এবং সময় যথাক্রমে
দ্বিতীয়-পঞ্চম ১৫, ১৫, ২০, ৫০, ১ ঘণ্টা
ষষ্ঠ-নবম ৩০, ৩০, ৪০, ১০০, ২ ঘণ্টা
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার মানবণ্টন
শ্রেণি- বাংলা, ইংরেজি, গণিতে মোট নম্বর এবং সময় যথাক্রমে
দ্বিতীয়-তৃতীয় ১৫, ১৫, ২০, ৫০, ১ ঘণ্টা
চতুর্থ-নবম ৩০, ৩০, ৪০, ১০০, ২ ঘণ্টা
অর্থাৎ সরকারি স্কুলে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫০ নম্বরের পরীক্ষা হলেও বেসরকারি স্কুলে এই সুযোগ থাকবে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি পর্যন্ত। চতুর্থ থেকে নবম শ্রেণিতে বেসরকারি স্কুলে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
সরকারি স্কুলে আবেদন ফি কত?
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে শ্রেণিভেদে।
প্রথম শ্রেণি: সর্বোচ্চ ১১০ টাকা।
দ্বিতীয় থেকে নবম শ্রেণি: সর্বোচ্চ ২৫০ টাকা।
ভর্তির সময় সেশন চার্জসহ অন্যান্য ফি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে নির্ধারণ করতে হবে।
বেসরকারি স্কুলের আবেদন ফি নিয়ে কী বলা হয়েছে?
বেসরকারি স্কুলের ভর্তি নীতিমালায় আবেদন ফি নিয়ে দুটি পৃথক ধারায় ভিন্ন অঙ্ক উল্লেখ করা হয়েছে।
নীতিমালার একটি ধারায় প্রথম শ্রেণির অনলাইন আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
অন্যদিকে, পরবর্তী একটি ধারায় ঢাকা মহানগরীসহ এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত ও এমপিওবহির্ভূত প্রতিষ্ঠানে ভর্তি আবেদন ফরমের মূল্য সর্বোচ্চ ২০০ টাকা নেওয়ার কথা উল্লেখ রয়েছে।
ফলে আবেদন ফি নির্ধারণের ক্ষেত্রে নীতিমালায় দুটি ভিন্ন অঙ্ক থাকায় বিষয়টি নিয়ে স্পষ্টীকরণ প্রয়োজন।
বেসরকারি স্কুলে ভর্তি ফি কত নেওয়া যাবে?
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সেশন চার্জসহ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে প্রতিষ্ঠানের অবস্থান ও ধরন অনুযায়ী।
প্রতিষ্ঠানের অবস্থান ও ধরন সর্বোচ্চ ভর্তি ফি
মফস্সল এলাকা ৫০০ টাকা
উপজেলা পৌর এলাকা ১,০০০ টাকা
জেলা সদর পৌর এলাকা ২,০০০ টাকা
ঢাকা ছাড়া অন্যান্য মহানগর ৩,০০০ টাকা
ঢাকা মহানগরীর এমপিওভুক্ত প্রতিষ্ঠান ৫,০০০ টাকা
ঢাকা মহানগরীর আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে মাসিক বেতন, সেশন চার্জ ও উন্নয়ন ফিসহ সর্বোচ্চ ৮ হাজার টাকা নেওয়া যাবে। ইংরেজি ভার্সনের ক্ষেত্রে এই সীমা সর্বোচ্চ ১০ হাজার টাকা।
এ ছাড়া উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান ৩ হাজার টাকার বেশি আদায় করতে পারবে না।
একই স্কুলে পরের শ্রেণিতে উঠলে পুনঃভর্তি ফি নয়
নীতিমালায় বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে উন্নীত হলে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর সেশন চার্জ নেওয়া যাবে। তবে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।
পাশাপাশি দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য ভর্তি ফি মওকুফের ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তির আবেদন কবে শুরু?
সরকারি ও বেসরকারি স্কুলের ভর্তি নীতিমালায় এখনো আবেদন শুরুর ও শেষ হওয়ার নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি।
সরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে ঢাকা মহানগরী ভর্তি কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত সফটওয়্যারে আবেদন করতে হবে।
অন্যদিকে বেসরকারি বিদ্যালয়গুলো নিজস্ব বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন ফরম বিতরণ, জমা দেওয়ার সময় এবং ভর্তি পরীক্ষার তারিখ জানাবে।
তাই আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, পরীক্ষা ও ফল প্রকাশের সময় জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরবর্তী ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা দেখবেন যেভাবে
শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত পৃথক দুটি নীতিমালায় সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি স্কুল: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৭ (সংশোধিত)।
বেসরকারি স্কুল: বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭।
নীতিমালা দুটি দেখতে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট সরকারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে এখানে
সব মিলিয়ে, ২০২৭ শিক্ষাবর্ষে স্কুল ভর্তিতে প্রথম শ্রেণির জন্য লটারি এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য লিখিত পরীক্ষার নিয়ম বহাল রাখা হয়েছে। তবে আবেদন শুরুর তারিখ ও পরীক্ষার সময়সূচি জানতে পরবর্তী ভর্তি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।






