আন্তর্জাতিক

কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়ি আনছে ইটালি

কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কড়াকড়ি আনছে ইটালি

কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইতালি। ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করার প্রস্তাব করা হয়েছে। আর ১৩ থেকে ১৫ বছর বয়সীরা কেবল বাবা-মায়ের কোনো একজনের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলেই এসব মাধ্যম ব্যবহার করতে পারবে। ১৬ বছর বয়স থেকে স্বাধীনভাবে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ মিলবে।

অস্ট্রেলিয়া, ব্রাজিল ও গ্রিসের মতো দেশগুলোর পথে হেঁটে এ উদ্যোগ নিচ্ছে ইতালি। চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত সরকারি ডিক্রি অনুমোদন পাওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টে আলোচনাধীন একটি নিরাপত্তা ডিক্রির সংশোধনীতে এসব বিধিনিষেধের প্রস্তাব রাখা হয়েছে। সংশোধনীটি এখনো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি। তবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী জোটের সমর্থন রয়েছে এতে। পার্লামেন্টের কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সংশোধনীটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।

মেলোনির দল ব্রাদার্স অব ইতালির জ্যেষ্ঠ আইনপ্রণেতা ফাবিও রামপেল্লি এক বিবৃতিতে বলেন, শিশুদের ডিজিটাল আসক্তি নিয়ে উদ্বিগ্ন অভিভাবক এবং কিশোরদের জন্য এই সংশোধনী গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

প্রস্তাবিত আইনে শিক্ষামূলক অ্যাপগুলোকে এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। তবে পার্লামেন্টে আলোচনার সময় প্রস্তাবটির কিছু বিষয় পরিবর্তন হতে পারে।

আইনটি কার্যকর হলে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। এ জন্য ডিক্রি কার্যকরের নয় মাসের মধ্যে ইতালির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এজিকম প্রয়োজনীয় নির্দেশনা তৈরি করবে।

শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম পরিবর্তনের জন্যও চাপের মুখে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টদের আশঙ্কা, এসব প্ল্যাটফর্ম শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্যসংকট বাড়াতে ভূমিকা রাখছে।

বিষয়:কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বিধিনিষেধ সামাজিক যোগাযোগমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…