সুড়ঙ্গে ৪১ শ্রমিক উদ্ধারের গল্পে নেটফ্লিক্সের সিরিজ, থাকছেন টাবু

ভারতের উত্তরাখণ্ডে ২০২৩ সালে সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিককে উদ্ধারের ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে নতুন ওয়েব সিরিজ। ‘টানেল মেন’ নামের এই সিরিজে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী টাবু।
যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) ব্যানারে নির্মিত সিরিজটি দেখা যাবে নেটফ্লিক্সে। ২০২৩ সালের নভেম্বরে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার সিলকিয়ারা-দণ্ডালগাঁও সুড়ঙ্গ ধসে ৪১ জন শ্রমিক আটকা পড়েন। দীর্ঘ ১৭ দিনের প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়। সেই শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের ঘটনা ও চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হবে ‘টানেল মেন’।
তবে এটি হুবুহু ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত কাল্পনিক গল্প। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এতে মানুষের মনোবল, দলগত প্রচেষ্টা ও আশার গল্প উঠে আসবে।
তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবনে টাবু বলিউডের মূলধারার পাশাপাশি স্বাধীন ও আঞ্চলিক ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ‘মাচিস’ ও ‘চাঁদনি বার’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার কাজের অভিজ্ঞতা।
মীরা নায়ারের ‘দ্য নেমসেক’, অ্যাং লির ‘লাইফ অব পাই’ এবং সিরিজ ‘ডিউন: প্রফেসি’তে অভিনয় করেছেন তিনি। ‘ডিউন: প্রফেসি’তে সিস্টার ফ্রান্সেসকা চরিত্রে দেখা গেছে তাকে।
নেটফ্লিক্সের ‘দ্য রেলওয়ে মেন’ সিরিজের পরিচালক শিব রাওয়াল ‘টানেল মেন’-এর শো-রানার হিসেবে দায়িত্ব পালন করবেন। যশরাজ ফিল্মস এন্টারটেইনমেন্টের প্রধান কনটেন্ট কর্মকর্তা হিসেবে যোগ দেওয়ার পর সৌগত মুখার্জির তত্ত্বাবধানে নির্মিত প্রথম সিরিজ এটি। এর আগে ‘স্ক্যাম ১৯৯২’, ‘মহারানি’, ‘তাব্বার’ ও ‘রকেট বয়েজ’-এর মতো সিরিজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
২০২৩ সালে প্রামাণ্যচিত্র সিরিজ ‘দ্য রোমান্টিকস’-এর মাধ্যমে নেটফ্লিক্সের সঙ্গে সৃজনশীল অংশীদারত্ব শুরু করে ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট। ‘টানেল মেন’ সেই ধারাবাহিকতার নতুন সংযোজন। টেলিগ্রাফ





