তথ্যপ্রযুক্তি

এআই ব্যবহারে ‘বাধ্যতামূলক নিরাপত্তাবিধি’ চালু করছে অস্ট্রেলিয়া

এআই ব্যবহারে ‘বাধ্যতামূলক নিরাপত্তাবিধি’ চালু করছে অস্ট্রেলিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বাধ্যতামূলক বিধিমালা চালুর উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী এআই প্রতিষ্ঠানগুলোকে নতুন এসব নিয়ম মেনে চলতে হবে। এছাড়া প্রযুক্তি খাতের কার্যক্রম তদারকির জন্য গঠন করা হবে একটি বিশেষ নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।

বার্তা সংস্থা এএফপি এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের এআই ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক হ্যাকিংয়ের ঘটনা সামনে আসার পর উন্নত এআই মডেলের সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নতুন এই উদ্যোগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

আলবানিজ বলেন, সরকারের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা যেন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়; বরং মানুষই যেন নিজেদের প্রয়োজন ও স্বার্থ অনুযায়ী এই প্রযুক্তিকে পরিচালনা করতে পারে। এআইকে পুরোপুরি বন্ধ করে দিয়ে প্রযুক্তিটির অস্তিত্ব অস্বীকার করার সুযোগ নেই। তবে এটি যেন অস্ট্রেলিয়ার স্বার্থে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করা সম্ভব। নতুন নিরাপত্তাবিধির আওতায় এআই ব্যবস্থায় কোনো ধরনের নিরাপত্তা লঙ্ঘন বা অনুপ্রবেশের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি অত্যাধুনিক এআই মডেলগুলোর সক্ষমতা ও নিরাপত্তা স্বাধীনভাবে মূল্যায়নের ব্যবস্থাও রাখা হবে।

আলবানিজ বলেন, এআই নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নিতে চায়। একই সঙ্গে এই প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি জনসাধারণের আস্থা ও গ্রহণযোগ্যতা বজায় রাখাও জরুরি। অস্ট্রেলিয়ায় এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগের অন্যতম কারণ ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক মডেলের কার্যক্রম। চলতি বছরের শুরুতে মডেলটি প্রশিক্ষণের সময় নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে দেশটির একটি সরকারি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে।

গত জুনে মডেলটি স্বাস্থ্যসংক্রান্ত পরিসংখ্যানের একটি অনলাইন পোর্টালে প্রবেশের সময় নির্ধারিত বিধিনিষেধ পাশ কাটিয়ে ব্যক্তিগত নথিপত্র সংরক্ষিত একটি অংশে ঢুকতে সক্ষম হয়। তবে এ ঘটনা সম্পর্কে ওপেনএআই তাৎক্ষণিকভাবে অস্ট্রেলিয়া সরকারকে অবহিত করেনি। পরবর্তী সময়ে সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠানটি একটি সাধারণ ই-মেইল ঠিকানায় বার্তা পাঠিয়ে বিষয়টি জানায়। ওই ইনবক্স দিনে মাত্র একবার পরীক্ষা করা হতো।

স্বাধীন মূল্যায়নের ওপর গুরুত্ব

এআই প্রযুক্তির ঝুঁকি নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাইরের বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করার ওপর গুরুত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান সক্ষমতা মোকাবিলায় আরও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা প্রয়োজন। এআই মডেলগুলোর স্বাধীন মূল্যায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্লেস আরও বলেন, এআই প্রযুক্তি যে বিশ্বকে পরিবর্তন করে দেবে, তা অস্বীকার করার সুযোগ নেই। এটি থেকে দূরে থাকারও কোনো উপায় নেই। ইতোমধ্যে প্রযুক্তিটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে এবং ভবিষ্যতে জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহার বাড়বে।

ডেটা সেন্টার নিয়ে সম্ভাবনা ও উদ্বেগ

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিপুল সম্ভাবনা এবং বিস্তীর্ণ জনবসতিহীন ভূখণ্ডের কারণে এআই পরিচালনার জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার স্থাপনের উপযুক্ত গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় অস্ট্রেলিয়া। দেশটির সিডনির উপকণ্ঠে একটি বৃহৎ ডেটা সেন্টার নির্মাণ প্রকল্পেও যুক্ত রয়েছে ওপেনএআই। তবে এআই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে দেশটিতে সমালোচনা ও বিরোধিতাও বাড়ছে। বিশেষ করে এসব প্রতিষ্ঠানের নৈতিকতা এবং বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহারকারী ডেটা সেন্টারের পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় নাগরিকরা।

এছাড়া কপিরাইট আইন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। গান, বইসহ বিভিন্ন সৃজনশীল শিল্পকর্ম ব্যবহার করে এআই চ্যাটবট প্রশিক্ষণের সুযোগ দিতে দেশটির বিদ্যমান কপিরাইট আইন শিথিল করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। সব মিলিয়ে এআই প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি নিরাপত্তা, জবাবদিহি, পরিবেশগত প্রভাব ও মেধাস্বত্ব সুরক্ষা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিচ্ছে অস্ট্রেলিয়া।

বিষয়:অস্ট্রেলিয়া এআই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…