চোটের কারণে সেপ্টেম্বরের আগে সৌদি প্রো লিগে খেলতে পারবেন না নেইমার। ব্রাজিলিয়ান তারকাকে ছাড়া অবশ্য লিগে ভালোই করছে আল হিলাল। সোমবার রাতে আল ইত্তিফাককে ২-০ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে আছে নেইমারের দল।
চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে আল হিলালের পয়েন্ট ১০। সমান খেলায় সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে করিম বেনজেমার আল ইত্তিহাদ।
প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে আল হিলাল লিড পায়। সার্বিয়ান আলেক্সান্ডার মিত্রোভিচের কাছ থেকে বল নিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। অফসাইড হয়েছিল কিনা, তা নিয়ে দ্বিধা থাকলেও রেফারি ভিএআর পরীক্ষা করে গোলের সংকেত দেন।
৪১ মিনিটে ম্যালকমের শট আটকে দেন প্রতিপক্ষের জ্যাক হেন্ড্রি। ফিরতি বলে চমৎকার ভলিতে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন সালেম আল-দাওসারি। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় দুই গোলের জয় নিয়ে আল হিলাল মাঠ ছাড়ে।
আরেক ম্যাচে আল-ওয়েহদার বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া আল ইত্তিহাদের হয়ে চোটে পড়ায় খেলতে পারেননি বেনজেমা।







