বিনোদন

লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী আর নেই

লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী আর নেই

বরেণ্য লোকসংগীত শিল্পী দীপ্তি রাজবংশী আর নেই। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি।

দীপ্তি রাজবংশী ছিলেন দেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক প্রয়াত ইন্দ্রমোহন রাজবংশীর সহধর্মিণী। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দীপ্তি রাজবংশী সত্তরের দশক থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের পল্লীগীতির বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে কাজ করেছেন। তিনি সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতির দায়িত্বেও ছিলেন।

সংগীত পরিবারে জন্ম ও বেড়ে ওঠা দীপ্তি রাজবংশীর। তার পরিবারের পাঁচ বোন ও তিন ভাই, সবাই কোনো না কোনোভাবে সংগীতের সঙ্গে যুক্ত।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার চিরশান্তি কামনা করেছেন তারা।

বিষয়:গান দীপ্তি রাজবংশী লোকশিল্পী সংগীত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…