এল ক্ল্যাসিকো রাতে বাড়িতে চুরি, ক্ষতি ৫ কোটি, কোন রিয়াল তারকার?

রোববার রাতে ন্যু ক্যাম্পে গড়িয়েছে এল ক্ল্যাসিকো। বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেসময় সফরকারীদের ডাগআউটে ছিলেন এডের মিলিতাও। পরে জানতে পারেন ক্ল্যাসিকো চলার সময় তার বাড়িতে হয়েছে লুটপাট। ব্রাজিলিয়ান তারকার বাড়িতে চুরির বিষয়টি প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম।
স্প্যানিশ গণমাধ্যমে প্রতিবেদন, মিলিতাওয়ের ৫৩,০০০ ইউরো মূল্যের একটি রোলেক্স ঘড়ি, ১,৭০,০০০ ইউরো মূল্যের একটি রিচার্ড মিল ঘড়ি, ১৫,০০০ ইউরো মূল্যের তিনটি শ্যানেল হ্যান্ডব্যাগ, ২৫,০০০ ইউরো মূল্যের কার্টিয়ার আংটি, ব্রেসলেট, আরও কিছু অলংকার ও সুটকেস খোয়া গেছে। সবমিলিয়ে খোয়া যাওয়া জিনিসের মূল্য ৩,৫০,০০০ ইউরো ছাড়িয়ে যাবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ কোটি (৪ কোটি ৮৫ লাখ টাকা)।
চোরেরা বাড়ির তৃতীয় তলার বাথরুমের জানালা দিয়ে বাড়িতে প্রবেশ করে। মিলিতাওয়ের ঘুমঘর তছনছ করে। ব্যাগ, ঘড়ি ও অলংকার চুরি হয়েছে। মিলিতাওয়ের পরিবারের সদস্যরা তখন বাড়ির নিচতলায় বসে ক্ল্যাসিকো দেখছিলেন। তারা কিছুই টের পাননি।
স্পেনে সাম্প্রতিক বছরগুলোতে তারকা ফুটবলারদের বাড়িতে চুরির ঘটনা অহরহ। ২০২২ সালে বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের বাড়িতে সশস্ত্র ডাকাতির সময় তার চোয়াল ভেঙে গিয়েছিল। চলতি মাসেই রিয়াল বেটিস স্ট্রাইকার ট্রয় প্যারট এবং পিএসজির সাবেক গোলরক্ষক সার্জিও রিকোর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।






