মাঠে মাথায় আঘাত পাওয়া সেই আর্জেন্টাইন ফুটবলার মারা গেছেন

আর্জেন্টিনায় ইনডোর ফুটবল ম্যাচে খেলার সময় মাথায় আঘাত পেয়ে মারা গেছেন ১৮ বর্ষী ফরোয়ার্ড আবেল নুনিয়েজ। আবেল নুনিয়েজের মৃত্যুতে শোকাহত আর্জেন্টিনার ফুটবল অঙ্গন। তার মৃত্যতে গভীর শোক জানিয়েছে ফুটবল ক্লাব এসেইজা।
বৃহস্পতিবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের যুব ‘সি’ টুর্নামেন্টের পঞ্চম বিভাগের একটি ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। ১০ নম্বর জার্সি পরিহিত এই তরুণ খেলোয়াড় বল ক্লিয়ার করার সময় মাথায় প্রচণ্ড আঘাত পান এবং মাঠেই অচেতন হয়ে পড়ে যান। তার কয়েকদিন পর হাসপাতালে মারা যান তিনি।
বুয়েনস আয়ার্স প্রদেশের ক্লাব এসেইজা রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘গভীর বেদনা ও অসীম শোকের সঙ্গে আমরা এমন এক তরুণকে বিদায় জানাচ্ছি, যার সামনে পড়ে ছিল পুরো জীবন। তার চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে। তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
আবেল নুনিয়েজ ম্যাচের মধ্যে অচেতন হয়ে পড়ে যান। যার ফলে ম্যাচটি স্থগিত করা হয়। তাকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।





