অর্থনীতি

আসন্ন রমজানে ৩ ধরনের ফল আমদানিতে কমছে শুল্ক

আসন্ন রমজানে ৩ ধরনের ফল আমদানিতে কমছে শুল্ক

ছবি: সংগৃহীত।

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, আপেল ও মাল্টার দাম সহনীয় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আর আপেল ও মাল্টা আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মার্চ ২০২৭ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে। আগে এ শুল্কের হার ছিল ২৫ শতাংশ।

অন্যদিকে, আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত আপেল ও মাল্টা আমদানিতে কমানো শুল্ক-কর কার্যকর থাকবে। এ সময়ে এইচএস কোড ০৮০৫১০৯০-এর আওতায় মাল্টা এবং ০৮০৮১০৯০-এর আওতায় আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।

রমজানে এসব ফলের চাহিদা বাড়ে। আমদানি পর্যায়ে শুল্ক কমানোর ফলে বাজারে ফলের সরবরাহ বাড়বে এবং ভোক্তারা তুলনামূলক কম দামে এসব ফল কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, একই বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, আইনটি সংশোধন করে এর আগে অধ্যাদেশ জারি করা হয়েছিল। চলমান সংসদ অধিবেশনে অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।

 

বিষয়:আপেল কাস্টমস শুল্ক খেজুর পবিত্র রমজান মন্ত্রিপরিষদ মাল্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…