নিবন্ধন সেবা আধুনিকায়নে বিএরএসএ’র ছয় দাবি, সহযোগিতার আশ্বাস আইনমন্ত্রীর

নিবন্ধন বিভাগের উন্নয়ন ও সেবা আধুনিকায়নে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) ছয় দফা দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ নিবন্ধন বিভাগের উন্নয়নে ছয় দফা দাবি তুলে ধরেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংগঠনটির ছয় দফা দাবির মধ্যে রয়েছে দেশের ৬১টি জেলা সদরে সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টি, বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে সাব-রেজিস্ট্রারের স্থায়ী পদায়ন, জেলা রেজিস্ট্রারদের সরকারি গাড়ি দেওয়া, নিবন্ধন অধিদপ্তরের নিজস্ব প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা এবং প্রতিটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দশম গ্রেডের একজন কর্মকর্তা ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ।
ষষ্ঠ দাবিতে দলিল লেখক, নকলনবিশ ও উমেদারদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে দলিল লেখকদের পারিশ্রমিক দলিলপ্রতি পাঁচ হাজার টাকা নির্ধারণ, প্রায় ১৬ হাজার নকলনবিশের চাকরি স্থায়ী করা এবং দৈনিক ৬০ টাকা পারিশ্রমিকে কাজ করা উমেদারদের বেতন বাড়ানোর দাবি রয়েছে।
মহাসচিব জানান, বর্তমান কাঠামোয় একজন সাব-রেজিস্ট্রারের জেলা রেজিস্ট্রার হতে ২০ থেকে ২৫ বছর পর্যন্ত সময় লাগে। অন্যদিকে দূতাবাসগুলোতে সাব-রেজিস্ট্রারের পদ সৃষ্টি হলে প্রবাসীদের পাওয়ার অব অ্যাটর্নি-সংক্রান্ত সেবা সহজ হবে এবং প্রতারণা কমবে।
প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় ইতিমধ্যে ২৪২ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন। চলতি অর্থবছরে দেশি-বিদেশি প্রশিক্ষণের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে।
সভায় বর্তমান কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন অর্জনও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে নিবন্ধন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নতুন নিয়োগবিধি, ২০২৫ প্রণয়ন ও গেজেট প্রকাশ। ২০২৫ সালের ১৯ অক্টোবর বিধিটি প্রকাশিত হয়।
এ ছাড়া বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টির উদ্যোগের অংশ হিসেবে ৫৫১টি পদ ক্যাডারভুক্ত করা এবং কর্মরত কর্মকর্তাদের অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। নিবন্ধন সেবা ডিজিটাল করতে ২০২৫ সালের ১০ নভেম্বর ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প অনুমোদিত হয়েছে। বর্তমানে প্রকল্পটির বাস্তবায়ন কার্যক্রম চলছে।
নিবন্ধন আইন, ১৯০৮ সংশোধনেও সংগঠনটির ভূমিকার কথা তুলে ধরা হয়। ২০২৬ সালের ১০ এপ্রিল নিবন্ধন (সংশোধন) আইন, ২০২৬ গেজেট প্রকাশিত হয়। সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ সংশোধনের ক্ষেত্রেও সংগঠনটির উদ্যোগের কথা জানানো হয়।
নিবন্ধন অধিদপ্তরের যানবাহন সংকট নিরসনে প্রধান কার্যালয়ের জন্য পাঁচটি ও জেলা রেজিস্ট্রার কার্যালয়ের জন্য ৬১টিসহ মোট ৬৬টি গাড়ির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রায় ১২ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে অধিদপ্তরের কার্যক্রম স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটির নেতারা বলেন, এসব উদ্যোগের পাশাপাশি পদ সৃষ্টি, পদোন্নতি, জনবল ও অবকাঠামোগত সংকট নিরসন জরুরি। দাবি বাস্তবায়িত হলে নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের পেশাগত মর্যাদা বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য নিবন্ধন সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত হবে।






