কক্সবাজার

ইনানীতে গ্যাসের আগুন নেভাতে প্রস্তুত বাপেক্স, নেওয়া হচ্ছে যে ব্যবস্থা

ইনানীতে গ্যাসের আগুন নেভাতে প্রস্তুত বাপেক্স, নেওয়া হচ্ছে যে ব্যবস্থা

কক্সবাজারের উখিয়ার ইনানিতে ২০ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নেভাতে বিশেষ অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এ জন্য ঘটনাস্থলে নেওয়া হয়েছে ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম। রোববার (১৫ নভেম্বর) আনা হয়েছে ইট ও সিমেন্ট। তবে অভিযান শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে পেট্রোবাংলা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শেভরন বাংলাদেশের বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় আগুন নেভানোর কৌশল, যন্ত্রপাতি স্থাপনের স্থান ও সার্বিক নিরাপত্তার বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

ঘটনাস্থলে ২০ ইঞ্চি কেসিং, মোবাইল ক্রেন, ভারী জেনারেটর ও ব্লোআউট প্রিভেন্টরসহ বিভিন্ন সরঞ্জাম আনা হয়েছে। বাপেক্সের পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান কূপের ভেতরে ২০ ইঞ্চি কেসিং স্থাপন করে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে। এরপর সার্কুলেশন পদ্ধতিতে সিমেন্ট, মাড ও প্রয়োজনীয় রাসায়নিক ব্যবহার করে গ্যাসের প্রবাহ বন্ধের চেষ্টা করা হবে।

বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. আনিসুর রহমান বলেন, প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের কাজ চলছে। এ জন্য আরও ১৫ থেকে ২০টি বড় পাইপসহ অন্যান্য সরঞ্জাম প্রয়োজন হবে। সব প্রস্তুতি শেষ হলে মূল কার্যক্রম শুরু হবে। অভিযান সফল হলে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে।

তিনি জানান, আগুন নেভানোর পর ভূতত্ত্ববিদ ও রিজার্ভার প্রকৌশলীরা কূপটি পরীক্ষা করবেন। সেখানে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সম্ভাবনা পাওয়া গেলে নতুন করে কূপ খননের উদ্যোগ নেওয়া হতে পারে। বর্তমান ছয় ইঞ্চি ব্যাসের গর্ত থেকে সরাসরি গ্যাস উৎপাদন সম্ভব নয়। এ ছাড়া কূপে কী পরিমাণ গ্যাস রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পেট্রোবাংলার পরিচালক (অপারেশন্স অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. সোয়েব বলেন, আগুনের পরিস্থিতি ১৫ দিন পর্যবেক্ষণের পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা ছিল। সেই ধারাবাহিকতায় এখন আগুন নেভানোর প্রস্তুতি চলছে। পুরো অভিযান পরিচালনা করবে বাপেক্স। কারিগরি পরামর্শ দিতে বুয়েট, শেভরন ও বাপেক্সের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাহমুদ বলেন, তাদের মূল লক্ষ্য গ্যাসের মজুদ নিরূপণ নয়, বরং নিরাপত্তা নিশ্চিত করা। আপাতত গ্যাসের কন্টেইনমেন্ট নিশ্চিত করাই প্রধান বিবেচ্য বিষয়। এর বাইরে অন্য কোনো বিষয় নিয়ে এখনই ভাবার সুযোগ নেই।

গত ২৭ অক্টোবর ইনানিতে নলকূপ স্থাপনের জন্য খনন করা একটি গর্ত থেকে গ্যাস বের হতে শুরু করে। পরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে কূপটিতে আগুন জ্বলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন।

বিষয়:আগুন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সরঞ্জাম শেভরন বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…