শ্রীলঙ্কায় বসেছে ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৫। আসরে স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপালকে গ্রুপে পেয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে শুরুর ম্যাচ সামনে রেখে অনূর্ধ্ব-১৭ দল অনুশীলন করেছে। পরে নিজেদের অবস্থা সম্পর্কে বলেছেন গোলরক্ষক কোচ আরিফুর রহমান পান্নু এবং দলের গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ।
১৩ সেপ্টেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল শ্রীলঙ্কায় পৌঁছায়। ৭ দলের অংশগ্রহণে আসর গড়িয়েছে ১৫ সেপ্টেম্বর থেকে। ২৭ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে। বৃহস্পতিবার প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল। ২১ সেপ্টেম্বর লাল-সবুজদের প্রতিনিধিরা মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ দল কলম্বোর ক্যালানিয়া ফুটবল কমপ্লেক্সে অনুশীলন করেছে। হোটেলে ফিরে সুইমিংপুলে রিকভারি সেশন হয়েছে।
বাফুফের ভিডিও বার্তায় গোলরক্ষক কোচ আরিফুর বলেছেন, ‘আমাদের প্রথম ম্যাচ নেপালের সাথে। আমরা খুবই আশাবাদী। কালকে তাদের খেলা দেখেছি, নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছি। তাদের গোলরক্ষক এবং প্রতিটা জায়গা আমরা দেখেছি। সে অনুযায়ী কাজ করেছি। আমাদের ছেলেরা যদি ঠিকমতো কাজ করতে পারে ভালো ফলাফল পাবো। আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, পুরো দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন। প্রথম ম্যাচটা আমরা জিততে পারলে ভালো কোথাও যেতে পারবো, এটাই আমাদের প্রত্যাশা।’
দলের গোলরক্ষক ইমতিয়াজ বলেছেন, ‘এখানে এবং বাংলাদেশের আবহাওয়া একই। আমরা সবার সাথে খাপ খাইয়ে নিয়েছি। আমাদের দুই প্রতিপক্ষের ম্যাচ দেখেছি। কোচ তাদের খেলার ধরন নিয়ে কাজ করেছে। কোচের নির্দেশনা অনুযায়ী কাজ করার চেষ্টা করছি সবাই। কালকের ম্যাচ অনুযায়ী আমাদের গোলরক্ষক কোচও কাজ করিয়েছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি সেটা নিয়ে যেন ফিরতে পারি।’
দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘বি’ গ্রুপে তিনটি দল- বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে ভারত, মালদ্বীপ, ভুটান এবং পাকিস্তান। গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে। সবকটি ম্যাচ গড়াবে শ্রীলঙ্কার রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে।







