আন্তর্জাতিক

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

ছবি: সংগৃহীত

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের কাছেই ভয়াবহ দুর্ঘটনা। নেপালে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে ধাক্কা খেল দুটি হেলিকপ্টার। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাগরিকের। আহত হয়েছেন আরও এক ব্যক্তি।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কাঠমান্ডু থেকে ২৫০ কিলোমিটার দূরে নেপালের সোলুখুম্বু এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে সোলুখুম্বুর একটি হেলিপ্যাডে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। তাতেই ঘটে বিপত্তি।

সোলুখুম্বু জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে। জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নবীন রাজা বুধাথোকি বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুর্ঘটনায় একজন বিদেশি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নেপালে পর্যটক, পর্বতারোহী ও প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহনের পাশাপাশি জরুরি উদ্ধারকাজেও ছোট হেলিকপ্টার ব্যবহার করা হয়। দেশটির দুর্গম পাহাড়ি এলাকা এবং দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে সেখানে হেলিকপ্টার চলাচল ঝুঁকিপূর্ণ।

বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। এ কারণে প্রতিবছর হাজার হাজার বিদেশি পর্বতারোহী ও পর্যটক দেশটিতে যান।

উঁচু পাহাড়ি এলাকায় বাতাসের ঘনত্ব কম থাকায় হেলিকপ্টার পরিচালনা কঠিন হয়ে পড়ে। বাতাসে অক্সিজেনের পরিমাণ কম থাকায় ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যায়। পাশাপাশি হেলিকপ্টারের পাখাও পর্যাপ্ত বাতাসের চাপ তৈরি করতে পারে না। ফলে এসব এলাকায় উড্ডয়ন ও অবতরণে ঝুঁকি বেড়ে যায়।

এর কয়েক দিন আগে ভারতের উত্তরাখণ্ডের বদ্রীনাথে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ ছয়জন নিহত হন।

বিষয়:নিহত ১ নেপাল হেলিকপ্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…