বাংলাদেশ-নেপালে বসছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ আসর

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর বসতে যাচ্ছে ২০২৭ সালের জানুয়ারি মাসে। এ বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সহ-আয়োজক হিসেবে থাকছে নেপাল। বাংলাদেশের দুটি এবং নেপালের দুটি স্টেডিয়ামে হবে সব খেলা। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বয়সভিত্তিক এ আসরটি, পর্দা নামবে ৬ ফেব্রুয়ারি।
এবারের আসরে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে পুরো বিশ্বকাপের আসরে। বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে যেখানে তাদের শক্ত প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার মেয়েরা। বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নাইজেরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। লাল সবুজের মেয়েদের প্রথম খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
মেয়েদের বিশ্বকাপের চারটি ভেন্যুর মধ্যে বাংলাদেশের দুটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম এবং সিলেটের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নেপালের দুটি ভেন্যুর মধ্যে রয়েছে কাঠমান্ডুতে টিইউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড।
আসরে ভারত খেলবে ‘এ’ গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপালের মেয়েরা। পাকিস্তান খেলবে ‘বি’ গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও সামোয়ার মেয়েরা। আসরের প্রথম দিনেই চারটি ম্যাচ হবে যেখানে আটটি দল খেলবে।
২৬ জানুয়ারি গ্রুপপর্ব শেষ হওয়ার পর সুপার সিক্সে খেলা হবে যেখানে দলগুলোকে দুটি দলে ভাগ করা হবে। সেখানে থেকে শীর্ষে থাকা দুটি দল সেমিফাইনালে মুখোমুখি হবে। ৪ ফেব্রুয়ারি বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল হবে এবং ৬ ফেব্রুয়ারি একই স্টেডিয়ামে ফাইনাল হবে।



