হ্যান্ডবলের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি’র ফাইনালে উঠেছে বাংলাদেশ মেয়েদের হ্যান্ডবল দল। মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পা রেখেছে স্বাগতিক দলটি। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতের মেয়েরা। মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ওঠার পথে আট গোল করে ম্যাচসেরা হয়েছেন সানজিদা আক্তার।
বৃহস্পতিবার পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফাইনাল। পরিবর্তিত সময় অনুযায়ী বেলা ৩টায় আইএইচএফ নেশনস ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে।
ফাইনালে যেতে হলে মালদ্বীপ মেয়েদের বিপক্ষে জিততে হবে এমন সমীকরণকে সামনে রেখে ম্যাচ শুরু করে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে লাল সবুজের মেয়েরা এগিয়ে ছিল ১৬-৫ গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়েছিল মালদ্বীপ, তবে সেটি যথেষ্ট ছিল। শেষপর্যন্ত দলটি ম্যাচ হারে ৩৩-২০ গোলের ব্যবধানে।
বাংলাদেশ আসর শুরু করে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়ে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে মেয়েরা হার মানে ৪৭-১৩ ব্যবধানে। শেষ ম্যাচে মালদ্বীপকে সহজেই হারিয়েছে আনা আলোনসো ফ্রাগুয়ার দল।






