হামজা-ফারহানরা জানালেন ‘গোলের পর কেমন লেগেছে’
সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে দাপটে জয় তুলেছিল বাংলাদেশ। ঘরের মাঠে ৪-০ গোলের জয়ে লঙ্কানদের বিদায় করে দেয় আসর থেকেই। ম্যাচে দলগত পারফরম্যান্স ছিল অসাধারণ। গোল করেছিলেন হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলি ওয়াহিদ এবং রাকিব হোসেন। এ চারজন জানালেন গোলের পর কেমন অনুভূতি হয়েছিল।
বুধবার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলদাতা বাফুফের এক ভিডিওবার্তায় নিজেদের গোল নিয়ে বলেছেন।
অষ্টম মিনিটে হামজার ক্রসে বল পেয়ে প্রথমবার শট নিলে তা ফিরে এসেছিল, ফিরতি শটে বল জালে জড়িয়েছিলেন শমিত। তখন ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। গোলটি নিয়ে শমিত বলেছেন, ‘গোল করার পর খুবই খুশি লেগেছে। প্রথমবার গোল করার পর প্রায় এক বছর হয়েছে। আগেরবার বাংলাদেশ ছিল, এবারও বাংলাদেশে। দলের জন্য খুব ভালো ছিল।’
বিরতির আগে গোল করেন অধিনায়ক হিসেবে অভিষিক্ত হওয়া হামজা। ইব্রাহিমের বাড়ানো বল লঙ্কানদের পায়ে লেগে যায় হামজার কাছে। জোরাল শটে প্রতিপক্ষ গোলরক্ষক সুজন পেরেরাকে পরাস্ত করেন তিনি, ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার গোলটি নিয়ে বলেছেন, ‘গোলের পরে খুব ভালো লেগেছে, আমার পরিবারের সবাই ছিল স্টেডিয়ামে। খুবই খুশি দল নিয়ে আমরা জিতেছি।’
বিরতি থেকে ফিরে শমিতের দেয়া বলে শ্রীলঙ্কার ছয় ডিফেন্ডারকে কাটিয়ে একক প্রচেষ্টায় দুর্দান্ত এক গোল করেন ফারহান আলি ওয়াহিদ, ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। অবিস্মরণীয় গোলটি নিয়ে ফারহান বলেছেন, ‘ঘরের মাঠে অভিষেক ম্যাচে গোল। এটা অসাধারণ অনুভূতি আমার, পরিবার এবং সমর্থকদের জন্যও। এটা মূলত তাদের (সমর্থক) জন্যই। মাঠে তারা আমার নাম নিয়ে চিৎকার করে সেটা পাগলাটে।’
ম্যাচের ৮৬ মিনিটে শমিত মাঝমাঠ থেকে রাইট উইং দিয়ে বল বাড়িয়েছিলেন রাকিবের দিকে। সেই বল টেনে গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ শটে জালে পাঠান এ ফরোয়ার্ড, তখন ৪-০ করে ফেলে বাংলাদেশ। গোলটি নিয়ে রাকিব বলেছেন, ‘আমরা বড় জয় পেয়েছি, আমিও গোল করেছি। আমার সতীর্থরা আমাকে সাবাসি দিয়েছেন। চেষ্টা থাকবে সামনে সেমিফাইনাল আছে, সেখানে আরও ভালো কিছু করবো।’
শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে লড়বে বাংলাদেশ।




