আত্মজীবনীর ঝড় চলছেই, খাজার সব অভিযোগ অর্থহীন বললেন কামিন্স

২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে বলের অবস্থার পরিবর্তন করেছিল অস্ট্রেলিয়া, জড়িত ছিল পুরো দল। আত্মজীবনীতে এমন লিখেছেন দলটির সাবেক ব্যাটার উসমান খাজা। সেটির জেরে অজিদের ঘরে চলছে পাল্টাপাল্টি মন্তব্যের ঝড়। এবার মুখ খুললেন বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স। খাজার দাবিগুলো শতভাগ সটিক নয় এবং সম্পূর্ণ অর্থহীন বলেছেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক।
গত সপ্তাহে খাজা আত্মজীবনী প্রকাশ করেছেন। তাতে বলেছেন কেপটাউনে সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। দলের সিদ্ধান্তেই সবাই জড়িত ছিল, এমনকি খাজা নিজেও সেটির অংশ হয়েছেন। সেই কথার কড়া জবাব দিয়েছেন কামিন্স।
সিডনিতে সংবাদমাধ্যমের সামনে ৬৮ মিনিটের এক দীর্ঘ বক্তব্যে কামিন্স বলেছেন, ‘উসমান খাজা বলেন যে, আমরা সবাই জানতাম। যদি তার অর্থ এই হয়, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়া হচ্ছে তা আমরা জানতাম। তবে তিনি শতভাগ ভুল বলেছেন।’
‘গত আট বছর ধরে ধারাবাহিকভাবে একই কথা বলে আসছি। কী ঘটছে, তা আমার জানা ছিল না। তিনি দাবি করেছেন, আমি এবং অন্যরা স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃতির পরিকল্পনার নেপথ্যে ছিলাম। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অর্থহীন কথা।’
২০১১ সালে কামিন্সের যখন টেস্ট অভিষেক, সেই অস্ট্রেলিায়া একাদশে খাজা ছিলেন। ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের হয়েও তারা সতীর্থ ছিলেন। সেটি টেনে কামিন্স বন্ধু বলেছেন খাজাকে।
‘উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুদের একে অপরের জীবন ও সুনাম নিয়ে এভাবে হালকা মন্তব্য করা শোভন নয়। তার বইয়ে তিনি আমার জীবন, আরও অনেকের জীবন নিয়ে লিখেছেন। আমার মনে হয় অস্ট্রেলিয়ান ক্রিকেটের বিষয়টি নিয়ে খুবই হালকাভাবে মন্তব্য করেছেন।’
খাজা আগে বলেছেন, ‘স্যান্ডপেপারগেট কেলেঙ্কারিতে আমরা সবাই এরসঙ্গে জড়িত ছিলাম। শুধু ব্যাটার বা বোলাররা নন, সাপোর্ট স্টাফরাও, আমরা সবাই।’
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন খাজা। বলেছেন, ‘পুরো টেস্ট ম্যাচজুড়ে ক্যামেরন ব্যানক্রফটের পাশেই দাঁড়িয়েছিলাম। অথচ আমার সাক্ষাৎকার নেয়া হল না। আমার দৃঢ় বিশ্বাস, আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ তারা জানত, আমি বিষয়টি দলের প্রেক্ষাপটে তুলে ধরব। তারা এটাও জানত, আমাকে প্রশ্ন করা হলে সত্য কথাই বলে দেব। আমি ফোনের অপেক্ষায় ছিলাম যে কখন ডাক আসবে। কিন্তু ফোন আর এলো না, উল্টো শাস্তি ঘোষণা করা হল। যা আমার কাছে অবিশ্বাস্য ছিল।’






