আলমগীর গাজীর গোলে প্রথমার্ধে এগিয়ে পাকিস্তান

সাফের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলছে পাকিস্তান। প্রথমার্ধ জুড়ে একের পর এক আক্রমণে ভারত রক্ষণভাগের বেশ পরীক্ষা নেয় তারা। শেষ অবধি সাফল্যও পেয়েছে। আলমগীর গাজীর গোলে ১-০তে এগিয়ে বিরতিতে গেছে পাকিস্তান।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে ভারত। সুহাইল আহমেদ ভাট লেফট উইং দিয়ে আক্রমণ করেন, জোরালো শট করলে বারের উপর দিয়ে বল বাইরে বেরিয়ে যায়। সপ্তম মিনিটের আরেকটি সুযোগ তৈরি করেন বিষ্ণু ভিলাপ্পিল, কাজে লাগেনি। ১৬ মিনিটে এসে প্রথম ভালো সুযোগ পায় পাকিস্তান। পরের মিনিটে পাকিস্তানের আলী আকবর ভারতের গোলরক্ষককে একা পেলেও গোল করতে পারেননি।
১৭ মিনিটে পাকিস্তান আবারও আক্রমণ করে, রাইট উইং থেকে ভালো পাস করলেও মিকেল আবদুল্লাহর শট ধরে ফেলেন ভারতের গোলরক্ষক আনোয়ার শেখ। ২২ মিনিটে আবারও মিকেল আবদুল্লাহর শট ঠেকিয়ে দেন আনোয়ার। পাকিস্তান দুই উইং দিয়ে আক্রমণ করে নাজেহাল করে ফেলে ভারতকে। বেশকিছু সুযোগ তৈরি করেও ঠিকঠাক কাজে লাগাতে পারেনি।
ভারতের নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয় ৩৪ মিনিটে। লেফট উইং থেকে পাস করা বল দুই-তিন খেলোয়াড়ের জটলা থেকে জোরালো শট করেন রিকি জন শাবাং, লাফিয়ে বল ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট। যোগ করা সময়ে গোল করে পাকিস্তান। লেফট উইং থেকে ক্রসে ভারতের ডিফেন্ডারের পায়ে লেগে বল পান পাকিস্তানের আলমগীর গাজী, বাঁকানো শটে বল জড়ান জালে। এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।






