ধোনি আর খেলোয়াড় নন, আইপিএলেও অবসরে, হলেন চেন্নাইয়ের মেন্টর

সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন, একমাত্র খেলে চলা আইপিএল থেকেও অবসর নিয়ে চেন্নাই সুপার কিংসের মেন্টর হলেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক। তবে চেন্নাইয়ের সঙ্গেই থাকছেন, ২০২৭ মৌসুমের আগে ফ্র্যাঞ্চাইজিটি ৪৫ বর্ষী কিংবদন্তিকে মেন্টরের দায়িত্ব দিয়েছে।
মঙ্গলবার আইপিএল ২০২৭-এর খেলোয়াড় ধরে রাখার প্রক্রিয়ার কয়েকঘণ্টা আগে ধোনির ঘোষণা এসেছে। আসন্ন মৌসুমে খেলোয়াড় ধরে রাখার শেষ সময়সীমা ১৭ নভেম্বর সন্ধ্যা ৬টা। এরমধ্যেই সব ফ্র্যাঞ্চাইজিকে ছেড়ে দেয়া খেলোয়াড় এবং দলে রেখে দেয়া খেলোয়াড়ের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। ২০০৮ থেকে ধোনি ২০২৫ সাল পর্যন্ত ১৮ মৌসুমে খেলেছেন আইপিএলে। চোটের কারণে ২০২৬ সালের পুরো মৌসুম খেলতে পারেননি।
ধোনি আইপিএলের ১৮ আসরে অংশ নিয়েছেন, ১৬টিতে সিএসকের হয়ে এবং দুটি আসরে (২০১৬ ও ২০১৭ সালে) রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেলেছেন। ২০১৬ ও ২০১৭ সালে সিএসকে আইপিএল থেকে নিষিদ্ধ ছিল। সিএসকেতে থাকাকালীন ধোনির নেতৃত্বে দলটি ৫ বার আইপিএল শিরোপা জিতেছে। যা মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার পর দ্বিতীয় সর্বোচ্চ। তার নেতৃত্বে দলটি দুবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টুয়েন্টি শিরোপাও জিতেছে, যা যেকোনো অধিনায়কের জন্য সর্বোচ্চ।
সফল অধিনায়কের পাশাপাশি, ধোনি লিগটির ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার। ২০২৬ সালের আইপিএল জন্য সিএসকে তাকে ৪ কোটি রুপির বিনিময়ে ‘আনক্যাপড’ (আন্তর্জাতিক ম্যাচ না খেলা) খেলোয়াড় হিসেবে দলে রেখেছিল। ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক সিএসকের হয়ে ৫,৩১৪ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক এবং ২৭২ ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়।
সিএসকের মালিক শ্রীনিবাসন বিবৃতিতে বলেছেন, ‘ধোনিকে ছাড়া সিএসকের কোন অস্তিত্ব নেই। প্রায় দুদশক ধরে আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে চলেছি। জয়, পরাজয় এবং এর মধ্যবর্তী সব অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমরা একসঙ্গে বড় হয়েছি। আমাদের সম্পর্ক এতটা মজবুত হওয়ার পেছনে একটিই কারণ, আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই আস্থার কারণে আমাদের এই যাত্রা সম্ভব হয়েছে। ২০০৮ সালে আমিই জোর দিয়ে বলেছিলাম, ধোনিকে সিএসকের অংশ হতে হবে।’
২০০৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক ছিল ধোনির। এরপর গড়তে থাকেন একের পর এক ইতিহাস। একমাত্র খেলোয়াড় হিসেবে আইসিসির সাদা বলে সবকয়টি ট্রফি জিতেছেন। ২০০৭ সালে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ভারত কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার।





