হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৫১

ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৫১ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭৮ জনে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে এক হাজার ২৭৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৬২ হাজার ৮০৮ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৫৫৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৪৮২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন।






