বিনোদন

হেটার্স হয়নি, দর্শক আমাকে মিস করছে, এটাই প্রাপ্তি: শিমুল

হেটার্স হয়নি, দর্শক আমাকে মিস করছে, এটাই প্রাপ্তি: শিমুল

এই সময়ের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে সবার কাছে পরিচিতি পেয়েছেন শিমুল শর্মা। এতে শিমুলকে দেখা যায় কাবিলার নোয়াখালীর ক্রাইম পার্টনার ও এলাকার ঘনিষ্ঠ ছোট ভাইয়ের চরিত্রে!

নোয়াখালী থেকে গণ্ডগোল লাগিয়ে শিমুল ঢাকায় চলে আসে। এরপর ব্যাচেলরদের ফ্ল্যাটে দেখা যায় শিমুলের নানান কর্মকাণ্ড!

নির্মাতা অমির সহকারী থেকে অভিনয়ে সুযোগ পেয়েছিলেন শিমুল। কাবিলা, হাবু, পাশা, নেহাল, আরেফিনদের মতো শিমুল চরিত্রটিও দর্শকদের প্রিয় হয়ে ওঠে। ব্যাচেলরদের ফ্ল্যাটে শিমুলের দুষ্টু-মিষ্টি খুনসুটি অতিষ্ঠ করলেও দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠতে সময় লাগেনি।

সাড়া জাগানো এই সিরিয়ালটির ‘সিজন ৫’ প্রচার শেষ হচ্ছে আজ (শুক্রবার)। বাকি মাত্র ছয়টি এপিসোড। তার আগেই এপিসোড ৩২ থেকে শিমুলকে আর দেখা যাচ্ছে না। শিমুল না থাকলেও তাকে বারবার খুঁজতেন দর্শকরা। সোশ্যাল মিডিয়াতেও দর্শকদের সেই আগ্রহ চোখে পড়ত।

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর শেষ ছয়টি এপিসোড প্রচারের আগে শুক্রবার বিকেলে কথা হয় শিমুলের সঙ্গে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ২০১৬ থেকে অমি ভাইয়ের সহকারী হিসেবে কাজ করেছি। ব্যাচেলর পয়েন্টের আগে থেকেই, তবে প্রথম এপিসোডেও অভিনয় করেছি।

শিমুল বলেন, এই সিরিয়াল জন্মের আগে থেকেই আমি সাথে ছিলাম। এতে অভিনয় করে আমি পরিচিতি পেয়েছি। এটা অমি ভাইয়ের কারণে সম্ভব হয়েছে। তার সঙ্গে নয় বছর কাজ করেছি। ব্যাচেলর পয়েন্টসহ তার সঙ্গে আমার জার্নি ভোলার মতো না। গল্পের কারণে সিরিয়ালে চরিত্র আসা-যাওয়ার মতো থাকে, এজন্য হয়তো আমি নাই। ব্যাচেলর পয়েন্ট শেষ হচ্ছে, আমার জায়গা থেকে খারাপ লাগা থাকবেই।

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর ইতি ঘটতে যাচ্ছে; শিমুল তার অনুভূতি জানিয়ে বলেন, পর্বগুলো ইউটিউবে এলে দেখি। সবকিছুরই তো শেষ হয়, এটা স্বাভাবিক। তবে মানুষের ভালোবাসা সবসময় পাই, তারা আমাকে মিস করে এটাই আমার প্রাপ্তি। একটি চরিত্র একটানা চলতে থাকলে অনেকসময় দর্শকদের কাছে বোরিং লাগে, অপছন্দ করতে শুরু করে, আমার ক্ষেত্রে এটা হয়নি। আমার মনে হয়েছে, হঠাৎ করে চলে যাওয়ায় আমার চরিত্র পূর্ণতা পেয়েছে। হেটার্স হয়নি। এতে করে আমি মনে করি, মানুষ আমার চরিত্রটিকে মনে রাখবে, এটা আমার বড় অ্যাচিভমেন্ট।

সবার কাছে ব্যাচেলর পয়েন্টের শিমুল নামে পরিচিতি পেলেও অভিনেতা নয় বরং পরিচালক হিসেবে জনপ্রিয়তা পেতে চেয়েছিলেন শিমুল। মূলত এ কাজটি করতেই এসেছিলেন মিডিয়াতে। সেই কারণে বুম ফিল্মসে কাজল আরেফিন অমির সহকারী হিসেবে পথচলা শুরু করেছিলেন।

সেই পথেই হাঁটছেন শিমুল। ইতোমধ্যেই এককভাবে ‘কাপঝাপ’ ও ‘হাফ বোতল’ দুটি কনটেন্ট নির্মাণ করেছেন। প্রচার হওয়া তিনটি কনটেন্টে অভিনয় করেছেন। শিমুল বলেন, আমার ফোকাস নির্মাণ ও লেখালিখিতে। গল্প আর চরিত্র মজা লাগলে অভিনয়ও করি। সামনে কিছু কাজ আসবে।

বিষয়:কাজল আরেফিন অমি ব্যাচেলর পয়েন্ট শিমুল শর্মা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…