বিনোদন

তামিলনাড়ুতে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা বিজয়ের

তামিলনাড়ুতে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা বিজয়ের

ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকারি চাকরিজীবী পুরুষদের জন্য প্রথমবারের মতো ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এ ঘোষণা দেন। নতুন এই সুবিধার আওতায় বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের জন্মের আগে অথবা জন্মের পর নির্দিষ্ট সময়ের মধ্যে ছুটি নিতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–এর প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মে পুরুষ সরকারি কর্মীরা সন্তানের সম্ভাব্য জন্মতারিখের আগের ১৫ দিনের মধ্যে অথবা সন্তান জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে এই ১৫ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক ঘোষণায় বলা হয়েছে, তামিলনাড়ুতে প্রথমবারের মতো বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে। সরকারি কর্মীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এ ধরনের ছুটির দাবি জানানো হচ্ছিল। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্য সরকারের ভাষ্য, সন্তান জন্মের সময়টি মা ও নবজাতক—উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে মায়ের শারীরিক ও মানসিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি নবজাতকের যত্ন নেওয়ার ক্ষেত্রেও বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ। নতুন এই ছুটির ফলে বাবারা সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এবং নবজাতকের পরিচর্যায় অংশ নিতে পারবেন।

এদিকে তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। এর আগে বিজয় সরকারের সিদ্ধান্তে তৃতীয় সন্তানের ক্ষেত্রেও নারী সরকারি কর্মীদের জন্য ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা সম্প্রসারণ করা হয়। ফলে প্রথম দুই সন্তানের মতো তৃতীয় সন্তানের ক্ষেত্রেও একই মেয়াদের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ভারতে সরকারি কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালুর ক্ষেত্রে তামিলনাড়ুই প্রথম নয়। ওড়িশায় ২০১১ সালে ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু হয়। পশ্চিমবঙ্গে যোগ্য পুরুষ কর্মীরা ৩০ দিনের পিতৃত্বকালীন ও শিশুযত্নসংক্রান্ত ছুটি পান। এ ছাড়া কেরালায় সর্বোচ্চ ১০ দিন, মধ্যপ্রদেশে ১৫ দিন এবং আসামে ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে।

নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে তামিলনাড়ুর সরকারি চাকরিজীবী বাবারাও সন্তানের জন্মের সময় পরিবারের পাশে থাকার জন্য আলাদা ছুটির সুযোগ পেলেন। ইন্ডিয়া টুডে

বিষয়:ঘোষণা তামিলনাড়ু পিতৃত্বকালীন ছুটি বিজয় থালাপতি মুখ্যমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…