কিছু মানুষের অসময়ে চলে যাওয়া চিরচেনা বন্ধনটুকুকেও নিঃশব্দ করে দেয়
মাতিয়া বানু শুকুর মৃত্যুতে অভিনেত্রী শাহনাজ খুশি

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। প্রিয় সহকর্মীর চলে যাওয়ায় আবেগঘন স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি।
নিজের ফেসবুক পোস্টে মাতিয়া বানু শুকুকে স্মরণ করে শাহনাজ খুশি লেখেন, ’বন্ধু তালিকায় থেকেও কিছু মানুষ কখনো অহংকারে, কখনো অলসতায় এমনিতেই দূরে সরে যান। তাদের আনন্দ-উচ্ছ্বাসের খবর পাওয়া যায় অন্যের ফেসবুক পাতায়। প্রথম দিকে খারাপ লাগলেও একসময় সেই দূরত্ব মেনে নিতে হয়। তবে কিছু মানুষের অসময়ে চলে যাওয়া চিরচেনা বন্ধনটুকুকেও নিঃশব্দ করে দেয়। ফেসবুকের পাতায় বন্ধুত্বের স্মৃতি জমে থাকে, অথচ সেখানে আর নতুন কোনো শব্দ, চর্চা কিংবা প্রাণের উপস্থিতি থাকে না। শুধু আগের দিনের আনন্দ-বেদনার স্মৃতিগুলো অবিকল রয়ে যায়।
শাহনাজ খুশি লেখেন, সকাল থেকেই মাতিয়া বানু শুকুর ফেসবুক পাতায় সময় কাটাচ্ছেন তিনি। সেখানে শুকুর অল্প সময় আগের পদচারণা এবং নিজের জন্মদিন নিয়ে লেখা একটি বেদনাভরা পোস্ট দেখেছেন। অথচ মানুষটি আর ফিরবেন না’।
স্মৃতিচারণে আরও কয়েকজন প্রয়াত শিল্পী ও সহকর্মীর নাম উল্লেখ করেন এই অভিনেত্রী। তাদের মধ্যে রয়েছেন মিতানুর, জগলুল, তাজিন, সীমানা, হুমায়রা হিমু, রুমি, সামস সুমন ও সংগীতশিল্পী রাশেল। তিনি লিখেছেন, ‘তাদের ফেসবুক পাতায় এখন আর কোনো নতুন আপডেট নেই, নেই আগের মতো প্রাণের উপস্থিতি। একসময় যারা ছিলেন পরিচিত কোলাহলের অংশ, তারা আজ অনেক দূরে’।
শাহনাজ খুশির ভাষায়, জীবিত অবস্থায় মানুষ অনেক সময় দম্ভ, ঈর্ষা ও অহমিকায় ডুবে থাকে। কিন্তু কারও চলে যাওয়ার পর তার অনুপস্থিতির গভীরতা উপলব্ধি হয়। একের পর এক এমন দুঃসংবাদ মানুষকে অস্থির করে তোলে এবং জীবনের অনিশ্চয়তার কথা মনে করিয়ে দেয়।
মাতিয়া বানু শুকুর সুস্থতা ও দীর্ঘ জীবনের জন্য সব সময় প্রার্থনা করেছেন জানিয়ে শাহনাজ খুশি লেখেন, এখন তার পরপারের শান্তির জন্য প্রার্থনা করছেন। স্মৃতিচারণের শেষাংশে তিনি শুকুর অনন্তলোকে চিরশান্তি কামনা করেন।
অন্যদিকে, মাতিয়া বানু শুকুর মৃত্যুতে আবেগঘন স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী তানভীন সুইটি। প্রয়াত এই নাট্যকারকে ভালো মনের মানুষ হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, ছোটবেলা থেকেই শুকুকে চিনতেন। একই স্কুলে পড়াশোনার পর বড় হয়ে চারুকলায় আবার তাদের দেখা হয়। পরবর্তী সময়ে তাদের পথচলাও ছিল একই দিকে।
শেষবার স্বাগতার বিয়ের অনুষ্ঠানে শুকুর সঙ্গে দেখা হয়েছিল বলে জানান তানভীন সুইটি। সেদিন লাল জামদানি শাড়ি পরে এসেছিলেন শুকু। তাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার স্মৃতিও তুলে ধরেন অভিনেত্রী।
সেই শেষ দেখার কথা স্মরণ করে তানভীন সুইটি লেখেন, নানা কারণে এবার আর শুকুর সঙ্গে শেষ দেখা হলো না। তার জন্য কিছুই করতে না পারার আক্ষেপও প্রকাশ করেন তিনি। আবেগাপ্লুত এই অভিনেত্রী লিখেছেন, আর কখনো তাদের দেখা হবে না, হয়তো পরপারে আবার দেখা হবে। স্মৃতিচারণের শেষে মাতিয়া বানু শুকুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু। তার মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও নির্মাতা হিসেবে তিনি রেখে গেছেন উল্লেখযোগ্য কাজ। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
তার মৃত্যুতে শোকাহত সহকর্মীদের স্মৃতিচারণে উঠে আসছে একসঙ্গে কাটানো সময়, কাজ ও ব্যক্তিগত সম্পর্কের নানা মুহূর্ত।






