বিনোদন

ডুরান ডুরানের গিটারিস্ট অ্যান্ডি টেলর আর নেই

ডুরান ডুরানের গিটারিস্ট অ্যান্ডি টেলর আর নেই

ব্রিটিশ জনপ্রিয় পপ ব্যান্ড ডুরান ডুরানের প্রতিষ্ঠাকালীন গিটারিস্ট অ্যান্ডি টেলর মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৬৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই সংগীতশিল্পী। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার ও ব্যান্ডের সদস্যরা। 

ব্যান্ডটির আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, গত ২৩ নভেম্বর পরিবারের সদস্যদের উপস্থিতিতে নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে মারা যান অ্যান্ডি। তিনি চতুর্থ পর্যায়ের মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন।

আশির দশকের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ডুরান ডুরানের সংগীতজগতে পরিচিতি ও সাফল্যের পেছনে গুুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অ্যান্ডির। ‘রিও’, ‘হাংরি লাইক দ্য উলফ’ এবং ‘দ্য রিফ্লেক্স’-এর মতো জনপ্রিয় গানে তার গিটারের সুর শ্রোতাদের মুগ্ধ করেছে। এমটিভির শুরুর সময়ে ব্যান্ডটির আন্তর্জাতিক পরিচিতি অর্জনেও তার অবদান ছিল উল্লেখযোগ্য।

ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, উত্তর-পূর্ব ইংল্যান্ড থেকে গিটার হাতে বার্মিংহামে আসার পর থেকেই অ্যান্ডি তাদের সংগীতে এক বিশেষ শক্তি ও স্বতন্ত্রতা যোগ করেছিলেন। তার গিটারের সুরই ব্যান্ডটির গানকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলতে সাহায্য করেছে।

২০২২ সালের নভেম্বরে অ্যান্ডি প্রকাশ্যে জানান, তিনি চতুর্থ পর্যায়ের মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ডুরান ডুরানকে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে তার লেখা একটি চিঠি পড়ে শোনান ব্যান্ডের প্রধান গায়ক সাইমন লে বন। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি অ্যান্ডি। ওই চিঠিতে সহশিল্পীদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ব্যান্ডের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন তিনি।

১৯৭৮ সালে বার্মিংহামে ডুরান ডুরানের যাত্রা শুরু হয়। জন টেলর ও নিক রোডসের প্রতিষ্ঠিত এই ব্যান্ডে পরে অ্যান্ডি টেলর, সাইমন লে বন ও রজার টেলর যুক্ত হন। পাঁচ সদস্যের এই দল আশির দশকে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ‘গার্লস অন ফিল্ম’, ‘সেভ আ প্রেয়ার’ ও ‘দ্য ওয়াইল্ড বয়েজ’-এর মতো গান তাদের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়।

১৯৮৬ সালে ব্যান্ড ছেড়ে একক সংগীতজীবন শুরু করেন অ্যান্ডি। পরে ২০০৪ সালে ‘অ্যাস্ট্রোনট’ অ্যালবামের মাধ্যমে মূল সদস্যদের সঙ্গে আবারও যুক্ত হন তিনি। তবে ২০০৬ সালে দ্বিতীয়বারের মতো ব্যান্ড ছাড়েন এই গিটারিস্ট।

ডুরান ডুরানের বাইরে রবার্ট পামারের সঙ্গে ‘পাওয়ার স্টেশন’ নামের সুপারগ্রুপেও কাজ করেছেন অ্যান্ডি। একক শিল্পী হিসেবেও তার সংগীতজীবন ছিল সমৃদ্ধ। ২০২৩ সালে প্রকাশিত হয় তার একক অ্যালবাম ‘ম্যানস আ উলফ টু ম্যান’।

মৃত্যুকালে স্ত্রী ট্রেসি, চার সন্তান ও নাতি অ্যালবিকে রেখে গেছেন অ্যান্ডি। পরিবারের পক্ষ থেকে তাকে একজন অসাধারণ স্বামী, স্নেহশীল বাবা ও গর্বিত দাদা হিসেবে স্মরণ করা হয়েছে। তাদের ভাষ্য, সংগীতজীবনে অসংখ্য অভিজ্ঞতা ও সাফল্য পেলেও পরিবারের গুরুত্ব ছিল তার কাছে সবার আগে। হিন্দুস্তান টাইমস

বিষয়:অ্যান্ডি টেলর গিটারিস্ট ডুরান ডুরান ব্যান্ড দল ব্রিটিশ মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…