শিক্ষা

জাবিতে প্রজাপতির বর্ণিল মেলা, দর্শনার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস

জাবিতে প্রজাপতির বর্ণিল মেলা, দর্শনার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস

মুক্ত আকাশে ডানা মেলে উড়ছে হরেক রঙের প্রজাপতি। বাহারি রঙ আর মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত প্রজাপতি মেলায় ভিড় জমিয়েছেন শত শত দর্শনার্থী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সেজেছিল বর্ণিল সাজে। বিভিন্ন স্থানে শোভা পাচ্ছিল প্রজাপতির ছবি সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার। সাপ্তাহিক ছুটির দিনে শীতের আমেজ উপেক্ষা করে সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রজাপতিপ্রেমীরা ছুটে আসেন ক্যাম্পাসে। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

তরুণ-তরুণীদের পাশাপাশি শিশু-কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মেলায় প্রজাপতিবিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতির আদলে তৈরি ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, পাপেট শো, বারোয়ারি বিতর্ক এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। এছাড়া ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র ও প্রজাপতি পার্কে জীবন্ত প্রজাপতি দেখার সুযোগ পান দর্শনার্থীরা।

জাবিতে প্রজাপতির বর্ণিল মেলা, দর্শনার্থীদের পদচারণায় মুখর ক্যাম্পাস

এবারের মেলায় প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিশিষ্ট পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া বন্যপ্রাণী গবেষণায় অবদানের জন্য নাবিলা জামান জ্যোতিকে পুরস্কৃত করা হয়।

এর আগে বেলা সাড়ে ১১টায় মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, তিনি দায়িত্বে থাকা অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর কোনো অপরিকল্পিত গাছ কাটতে দেওয়া হবে না। প্রকৃতি সংরক্ষণের সঙ্গে জীবনের সুরক্ষা ওতপ্রোতভাবে জড়িত। ক্যাম্পাসে এমন প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলা হবে, যেখানে কৃত্রিম জালের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে প্রজাপতিকে মুক্তভাবে বিচরণ করতে দেখা যাবে।

মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন প্রজাপতি সংরক্ষণে সবাইকে প্রকৃতির প্রতি সদয় ও সচেতন হওয়ার পাশাপাশি প্রকৃতিকে ভালোবাসার আহ্বান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা এবং বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়:জাবি দর্শনার্থী প্রজাপতি মেলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…