গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই।
শুক্রবার (৫ জুন) মুকসুদপুর, কাশিয়ানী হাইওয়ে থানার ওসি ও ভাঙ্গা হাইওয়ে থানার এস.আই মো. সোহেল খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান শুক্রবার (৪ জুন) রাত ১২টার পর ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদি এলাকায় ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাগদি ব্রিজে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা হিমেল সীমান্ত পরিবহনের যাত্রীবাহী বাস বিআরটিসি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহত অমিতাভ হাওলাদার (৪২) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আমিরাবাদ গ্রামের অমলেন্দু হাওলাদারের ছেলে এবং কালাম (৩০) শেরপুর জেলার আব্দুস সামাদের ছেলে।
আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অপরদিকে, বৃহস্পতিবার রাতে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় রাস্তা পারাপারের সময় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় সোলায়মান নামে (১০) বছর বয়সের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত সোলায়মান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।
সদর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল সোলায়মান শিকদার। এসময় দ্রুতগামী ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে গিয়ে আহত হন তিনি।
গুরুতর আহত সোলায়মানকে স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০- শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার সোলায়মানকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আফতাব জিলানী জানান, সড়ক দুর্ঘটনায় আহত সোলায়মান নামের এক স্কুল ছাত্রকে হাসপাতালে আনার আগে পথেই তার মৃত্যু হয়।







