জনপদ

মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরের বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার ১৫ নভেম্বর দুপুরে আসামির উপস্থিতিতে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন বলে জানান ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন।

দণ্ডিত ২৫ বছর বয়সী মো. ইউনুস মণ্ডল মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের সিরাজ উদ্দিন এবং নিহত ফুলমালা বেগম দম্পতির ছেলে।

মামলার বরাতে পিপি শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে আসামি তার মাকে গালিগালাজ করেন। এক পর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মা ফুলমালা বেগমের মৃত্যু হয়। ফুলমালা বেগম ছোট ছেলে ইউনুস মণ্ডলের সঙ্গে একই বাড়িতে থেকে কৃষি কাজ করতেন।

পিপি জানান, আসামি প্রায়ই তার মাকে বিভিন্ন বিষয় নিয়ে গালিগালাজ করতেন। ঘটনার পরই নিহত ফুলমালা বেগমের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরদিন পুলিশ আসামিকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করে। পরে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। অভিযোগ গঠনের সময়ও আদালতে দোষ স্বীকার করে ক্ষমা চান।

সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে বিচারক ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ডের পাশপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বলে তিনি জানান।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…