গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার ১১ নভেম্বর ভোররাতে জেলা সদরের ঘোনাপাড়া ও বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার (৮৫) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবায়দুর খন্দকার (৩৫)।
বিকাল পৌনে ৪টার দিকে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুনতাসির মাহমুদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার একটি পিকআপে মালামাল নিয়ে ছেলের বাসা মোংলায় যাচ্ছিলেন। ভোররাতে পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের ভেতরেই গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় পথচারী ওবায়দুর খন্দকার নিহত হন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।






