আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক
ডিআরইউকে সিড মানিতে অন্তর্ভুক্তির আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলাদেশের ফুটবলে সাফল্যের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর শিরোপা জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ২০২৬ সালে নতুন একটি দল সেই অপেক্ষার অবসান ঘটাবে, এমন প্রত্যাশা ছিল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের। তবে এবারও স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশা থাকলেও আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদী তিনি।
রোববার পল্টনের আউটার স্টেডিয়ামে ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজের এই প্রত্যাশার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের সদস্য ছিলেন আমিনুল হক। সেই স্মৃতি স্মরণ করে বলেছেন, ‘২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের একজন গর্বিত সদস্য ছিলাম আমি। আশা করেছিলাম, ২০২৬ সালে নতুন একটি দল সেই সাফল্যের পুনরাবৃত্তি করবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও আমাদের অপেক্ষা দীর্ঘ হলো। আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের কাঙ্ক্ষিত শিরোপা জিতবে।’
পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের পরও বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন আমিনুল হক। তার মতে, ফলাফল প্রত্যাশামতো না হলেও ফুটবলের প্রতি দর্শকদের আগ্রহ ও সমর্থন ইতিবাচক দিক।
এ সময় ডিআরইউকে সিড মানির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়েও পুনরায় আশ্বাস দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তার প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ডিআরইউর ক্রীড়া দল দেশের ক্রীড়াঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। ফাইনালে চ্যানেল ২৪ টেলিভিশনকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।





