গোপালগঞ্জ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ ছাত্রের

গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদ্রাসার সামনে বিশ্ববিদ্যালয় সড়কে ঘটা এ দুর্ঘটনায় প্রাণ যায় সারজিল সিকদার নামে এক কলেজছাত্রের।

রবিবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম জানান,  ঘোনাপাড়া এলাকা থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিল সারজিল। পথে গোবরা মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সারজিল গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি সদর উপজেলার পাইককান্দি গ্রামের দক্ষিণপাড়ায়। তিনি ওই গ্রামেরই শাহ আলম সিকদার ও গোপালগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী নিরালা বেগমের ছেলে।

সারজিলের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. কে এম বাবরসহ বিএনপির নেতারা হাসপাতালে যান। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

বিষয়:কলেজছাত্রে গোপালগঞ্জ পাইককান্দি গ্রাম প্রাইভেটকার সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…