আইইবি বগুড়া কেন্দ্রে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হাবিবুর রহমান

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২৮ মেয়াদের নির্বাচনে বগুড়া কেন্দ্রে স্মরণকালের সর্বোচ্চ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জি. মো. হাবিবুর রহমান। তিনি টিএমএসএসের প্রধান প্রকৌশলী ও পরিচালক। বগুড়া কেন্দ্রের পাশাপাশি এর অন্তর্ভুক্ত নওগাঁ ও জয়পুরহাট উপকেন্দ্র থেকেও বিজয়ী হয়েছেন তিনি।
গত ১২ নভেম্বর সারা দেশের আইইবি কেন্দ্রগুলোতে একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া কেন্দ্রে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৫৮ দশমিক ৩৭ শতাংশ। কেন্দ্রের সদস্য ডিগ্রি ইঞ্জিনিয়াররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সেন্ট্রাল কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. আব্দুর রশিদ, সাবেক চিফ ইঞ্জিনিয়ার ও নির্বাহী পরিচালক, নেসকো পিএলসি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইঞ্জি. সৈয়দ ইফতেখার হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, ভাইস চেয়ারম্যান (একাডেমিক) নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. জাহাঙ্গীর আলম এবং ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন) নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. ফেরদৌস হোসেন খান, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।
গতকাল স্থানীয় নির্বাচন কমিটির স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সম্মানী সম্পাদক লায়ন ইঞ্জি. মো. হাবিবুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, “এই বিজয় বগুড়া কেন্দ্রের প্রকৌশলী সমাজের সম্মিলিত আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমরা সিনিয়র-জুনিয়র, সরকারি-বেসরকারি নির্বিশেষে সকল প্রকৌশলীকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর প্রকৌশলী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। বগুড়া তথা সমগ্র উত্তরবঙ্গের অবকাঠামোগত উন্নয়ন, নগর পরিকল্পনা, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় আইইবিকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই”।
তিনি আরও বলেন, প্রকৌশলীদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং নবীন প্রকৌশলীদের সম্ভাবনা বিকাশে নবনির্বাচিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে আইইবি বগুড়া কেন্দ্র প্রকৌশলীদের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়ন ও সম্ভাবনা বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।






